ফরাসী নাৎসি পাপনের মৃত্যু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুধি নিধনযজ্ঞে সহায়তাকারী একমাত্র ফরাসী কর্মকর্তা মরিস পাপন ৯৬ বছর বয়সে মারা গেছেন। গত সপ্তাহে হৃৎপিণ্ডে অস্ত্রপচারের পর শনিবার প্যারিসের কাছে একটি ক্লিনিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
যুদ্ধকালীন সময়ে দেড় হাজারেরও বেশি ফরাসী ইহুদিকে মধ্যবর্তী একটি ট্রানজিট ক্যাম্পে পাঠানোর জন্য দায়ী পাপন। এদের সেখান থেকে পোল্যান্ডের অসউইৎস কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল।
১৯৮১ সালে তার এ নাৎসি সংশ্লিষ্টতা ফাঁস হয়ে গেলে তার বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় ফ্রান্সে। ১৯৯৮ সালের ২ এপ্রিল দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয় তাকে। আপিল চলাকালীন সুইটজারল্যান্ডে পালিয়ে যান পাপন। কিন্তু সুইস পুলিশ তাকে গ্রেফতার করে ফ্রান্সে ফেরত পাঠায়। ১৯৯৯ কারাগারে পাঠানো হয় তাকে। দুর্বল স্বাস্থ্যের কারণে তাকে মুক্তি দেওয়া হয় ২০০২ সালের সেপ্টেম্বরে।
তার মৃত্যুর প্রতিক্রিয়ায় ফরাসী ইহুদি ছাত্র সংঘের সভাপতি বেনিয়ামিন আবতান বলেন, “শুধু একজন অপরাধী হিসেবে নয়, ইউরোপের ইহুদিদের ধ্বংসে ফরাসী রাষ্ট্রের দায়দায়িত্বের প্রতীক হিসেবে পাপনকে মনে রাখব আমরা।”
আবতান বলেন, “পাপন খুব নিরিবিলিতেই মরতে পেরেছেন, কিন্তু তিনি যাদের অসউইৎসে পাঠিয়েছিলেন তাদের মৃত্যু ছিল নৃশংস।”
যুদ্ধকালীন কৃতকর্ম ধামাচাপা দিয়ে সহজেই ফরাসী রাজনীতিতে শক্তিশালী অবস্থান করে নিয়েছিলেন পাপন। এমনকি মন্ত্রীত্বও করেন তিনি।
যুদ্ধ শেষে ১৯৪৭ সালে ফ্রান্স শাসিত কর্সিকা দ্বীপের প্রধান প্রশাসকের দায়িত্ব পান তিনি। ১৯৫৪ সালে মরক্কোতে তার দেশের প্রতিরক্ষা দপ্তরের মহাসচিব হিসেবে যোগ দেন। ১৯৫৮ সাল থেকে ৯ বছর প্যারিসের পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। সে সময় আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রাম তীব্র হয়ে উঠলে বিপ্লবীদের ওপর চড়াও হতে থাকেন পাপন। তার নির্দেশে পুলিশী নির্যাতনের শিকার বহু আলজেরীয় বিক্ষোভকারীর লাশ ছুঁড়ে ফেলা হয় সীন নদীতে।
এতোসব বিতর্ক আর নিপীড়ন নির্যাতনের হোতা হয়েও ১৯৬৮ সালে অবলীলায় ফ্রান্সের পার্লামেন্টে এমপি নির্বাচিত হন তিনি। ডানপন্থী প্রধানমন্ত্রী রেমন্ড বেয়ারের মন্ত্রীসভায় ১৯৭৮ সালে বাজেট মন্ত্রীর দায়িত্ব পান পাপন।
ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ অধ্যায়কে খুব দ্রুত ভুলে গিয়েছিল ফরাসীরা। নিজেদের অতীথ কৃতকর্ম খতিয়ে দেখতে কয়েক দশক সময় লাগে তাদের। পাপনের মৃত্যুর মধ্য দিয়ে ফরাসী ইতিহাসের সেই কলঙ্কজনক অধ্যায়ের আপাত সমাপ্তি ঘটল।
