২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর দাবি হিলারির

আগামী ৯০ দিনের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেট সিনেটর হিলারি রডহ্যাম ক্লিনটন। নিজের প্রচারণার জন্য খোলা একটি ওয়েবসাইটে এক ভিডিও ফুটেজে তিনি বলেন, “এখন সময় এসেছে এটা বলার যে আগামী ৯০ দিনের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করতে হবে। নয়তো কংগ্রেস ইরাক যুদ্ধের কর্তৃত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 03:15 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ইরাক নিয়ে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে হিলারি বলেন, গত মাসে সেদেশ সফর করে তার বিশ্বাস জন্মেছে যে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি অনেকদিন ধরে ঝুলে আছে। ইরাকে বর্তমানে অবস্থানরত মার্কিন সেনা সংখ্যা এক লাখ ৩০ হাজার। বুশ ১১ জানুয়ারি জানান, গোষ্ঠীগত দাঙ্গা সামাল দিতে তিনি সেখানে আরও সাড়ে ২১ হাজার সেনা পাঠাতে চান। অন্যদিকে, হিলারি চান জানুয়ারি ১ পর্যন্ত ইরাকে যে পরিমাণ মার্কিন সেনা ছিল সে পর্যায়েই থাকুক।

তবে হিলারির এ প্রস্তাব কংগ্রেসের কাছ থেকে অনুমোদিত হতে হবে। 

ভিডিও ফুটেজে হিলারি বলেন, “দায়িত্ব ছাড়ার আগে যদি বুশ ইরাক যুদ্ধ শেষ না করেন, তবে আমি প্রেসিডেন্ট হলে প্রথমেই সেটা বন্ধ করব।”

এছাড়া শনিবার এক সংবাদ সম্মেলনে হিলারি আবারও পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, এভাবে ইরাক সরকারকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে দিতে হবে। তবে কবে নাগাদ সেনা প্রত্যাহার সম্পূর্ণ করা উচিত সে সম্পর্কে হিলারি কোনো প্রস্তাব দেননি।

২০০২ সালের অক্টোবর মাসে কংগ্রেস প্রেসিডেন্ট জর্জ বুশকে ইরাক যুদ্ধ শুরুর অনুমতি দিয়েছিল। এরপর ২০০৩ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনী ইরাক অভিযান শুরু করে। ওই সময় হিলারি বুশকে সমর্থন দিয়েছিলেন। এজন্য দলীয় কয়েক সদস্য তার সমালোচনাও করেন।

শুক্রবার বুশের ইরাকে আরও সাড়ে ২১ হাজার সেনা পাঠানোর পরিকল্পনার নিন্দা জানায় প্রতিনিধি পরিষদ। কিন্তু শনিবার রিপাবলিকানরা কংগ্রেসে ওই নিন্দা প্রস্তাব আটকে দেয়।