২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত

জাহেদান শহরে গত সপ্তাহে ‘বিপ্লবী গার্ড বাহিনীর’ বাসে বোমা হামলার ঘটনাসহ সেখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র জড়িত বলে ইঙ্গিত দিয়েছে ইরান। হামলার সঙ্গে জড়িত সন্দেহে মূল অভিযুক্তসহ ৬৫ জনকে আটক করেছে দেশটি। ওই হামলায় ১১ ব্যক্তি নিহত এবং ৩১ জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এদিকে জাহেদানে শুক্রবার অপর একটি বোমা বিস্ফোরণের পর পুলিশের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তবে ওই বিস্ফোরণ কিংবা সংঘর্ষে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ‘ফারস’ একথা জানায়।

ইরান বলেছে, “আমাদের তদন্তে এটা স্পষ্ট যে, ওই হামলাকারীদের সঙ্গে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগ রয়েছে। এছাড়া ইরান বিরোধী জঙ্গি সংগঠনের সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে।”

“নিরাপত্তা কর্মকর্তারা ওই হামলার মূল অভিযুক্তসহ মোট ৬৫ জনকে আটক করেছে। এরা জঙ্গি সংগঠন জুনদাল্লাহ’র সঙ্গে যুক্ত।” স্থানীয় পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গাফারি শুক্রবার এসব কথা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়,“ইরানে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

গার্ড বাহিনীর বাসে হামলার ঘটনায় আটক মূল সন্দেহভাজন নাসরুল্লাহ শামসি জেহি তার সম্পৃক্ততা নিশ্চিত করে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে ইরনা। “আমি তিনমাস আগে জুনদাল্লাহতে যোগ দিয়েছি এবং ওই হামলা চালানোর জন্য একটি প্রতিবেশী দেশ দিয়ে ইরানে ঢুকেছি। আমি পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছি।” নাসরুল্লাহ’র স্বীকারোক্তি হিসেবে একথা প্রকাশ করেছে ইরনা।

পাকিস্তান, আফগানিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান--বালুচিস্তান প্রদেশ সংখ্যালঘু আরব জাতিগোষ্ঠী ও সুন্নিদের আবাস। সেখানকার সীমান্ত সংলগ্ন শহরগুলোতে চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের প্রায়ই সংঘর্ষ হয়ে থাকে।