২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুল হামলার দায়ে সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইস্তাম্বুল বোমা হামলার দায়ে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। লঘুদণ্ডাদেশ পেয়েছে আরও ডজন খানেক। শুক্রবার এ রায় হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 02:00 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

২০০৩ সালের নভেম্বরে ইস্তাম্বুলের দুটি ইহুদি উপাসনালয়, ব্রিটিশ দূতাবাস ও এইচএসবিসি ব্যাংকের একটি শাখায় ভয়াবহ হামলা হয়। আত্মঘাতী ওই হামলায় মারা যায় ৬০ জন। আহত হয় অন্তত ৬ শ’ লোক। আল কায়েদা তুরস্ক শাখা ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিরীয় আল কায়দা নেতা লোই আল সাকা। তার বিরুদ্ধে হামলার মূল পরিকল্পনা ও অর্থ সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়। তুরস্কের আল কায়েদা সদস্য হারুন ইলহান আদালতে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন।

মামলায় মোট ৭৪ জনকে অভিযুক্ত করা হয়। তবে ৩০ জনকে গ্রেফতার করা যায়নি। শুক্রবার আদালতে হাজির করা হয় নয় জনকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তা রক্ষীরা ভবনের ছাদসহ চার পাশের এলাকা ঘিরে রাখে।

আল আল সাকা ছিলেন ইরাকের শীর্ষ আল কায়েদা নেতা আবু মুসাব জারকাবির ঘনিষ্ঠ সহযোগী। বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আল সাফা ইস্তাম্বুলে হামলার জন্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন।

রায়ের আগে আদালতে আল সাকা বলেন, “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। জিহাদের সময় এখনই। আমার জন্য ভাববেন না। জেল থেকে বেরিয়েই জিহাদে নেমে পড়ব আমি।”

২০০৫ সালে দক্ষিণ তুরস্কের আন্তালিয়া থেকে পুলিশ সাকাকে গ্রেফতার করে।