ইরাকে সৈন্য বৃদ্ধির বিরোধিতা করে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ
ইরাক নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। সেখানে সৈন্য বাড়ানোর সিদ্ধান্তে না জানিয়ে দিয়েছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। যদিও এটা মানতে বুশ বাধ্য নন, তবুও এটা তার ওপর বড় ধরনের চাপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ সামনের দিনগুলোয় ডেমোক্রেটদের আরো শক্ত বাধার মুখে পড়ার সুস্পষ্ট ইঙ্গিত এ ঘটনা।
ইরাকে নতুন করে সৈন্য পাঠানোর বিরোধিতা করে আনা খসড়া প্রস্তাবের ওপর শুক্রবার ভোট হয় প্রতিনিধি পরিষদে। প্রস্তাবের পক্ষে পড়ে ২৪৬টি ভোট, আর বিপক্ষে ১৮২টি। অর্থাৎ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বুশের সিদ্ধান্তের বিপক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছেন। এছাড়া ইরাক যুদ্ধের জন্য আরো তহবিল গঠনের প্রতি প্রতীকী চ্যালেঞ্জও ছুড়ে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে। অন্তত ভোটের ফলাফল তাই প্রমাণ করে। গত তবে প্রস্তাবে মার্কিন সৈন্যদের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়।
ইরাকে আরও সৈন্য পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আনা প্রস্তাবের সমর্থনে ডেমোক্রেটরা বুশের নিজের দল রিপাবলিকান পার্টির কয়েকজনকেও সঙ্গী হিসেব পেয়েছেন। প্রতিনিধি পরিষদে ২৩৩ ডেমোক্রেট সদস্যের মধ্যে ২ জন বাদে আর সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর ডেমোক্রেটদের ২০১ সদস্যের মধ্যে ১৭ জন প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
শুক্রবারের ওই ভোটাভুটিতে ডেমোক্রেটদের বিজয় ইরাক নীতির পরিবর্তনে বুশকে বাধ্য করতে না পারলেও বড় ধরনের চাপ যে সৃষ্টি করবে, তা বলাই যায়।
“প্রেসিডেন্টকে আমরা একটা কথাই শুধু বলতে চাই। তা হচ্ছে, ইরাক সংকট নিরসনে নতুন কৌশল, নতুন ধরনের নীতি গ্রহণ করতে হবে”- ভোট শেষে একথা বলেন প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি।
নর্থ ক্যারোলিনার রিপাবলিক দলের নেতা ওয়াল্টার জোনস বলেন, “ইরাকে আমাদের সৈন্যরা তাদের কর্তব্য সাহসিকতার সঙ্গেই পালন করেছে। তবে গৃহযুদ্ধে স্রেফ পুলিশের মতো ভূমিকা নিয়ে তাদের থাকার তো প্রয়োজন দেখি না।”
এর আগে মঙ্গলবার থেকে গত তিন দিন ধরে প্রস্তাবের পক্ষে বিপক্ষে প্রতিনিধি পরিষদে বিতর্কের ঝড় বয়ে যায়।
