২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সঙ্কট মোকাবেলায় দ্বিতীয় প্রস্তাবের কথা ভাবতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরেকটি নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদনের আহ্বান জানাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে তিনি জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 03:07 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মার্কিন পত্রপত্রিকার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আমরা এর সম্ভাবনা যাচাই করে দেখছি। আমরা হয়তো আরেকটি প্রস্তাব দেব। তবে এখনও এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”

তবে তার এ বক্তব্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত দ্বিতীয় প্রস্তাব দেওয়ার কথা গভীরভাবে ভাবার সুস্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

রাইস বলেন, “আমরা এ ব্যাপারে অন্য পক্ষগুলোর সঙ্গেও কথা বলছি।”

নিরাপত্তা পরিষদের প্রথম নিষেধাজ্ঞা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ হয়নি বলেও তিনি জানান। তবে এ প্রস্তাবটি ইরানের ওপর ‘দারুণ প্রভাব বিস্তার করেছে’ বলেও দাবি করেন রাইস।

“আমরা এটাও ভেবে দেখছি আরেকটি প্রস্তাব ইরানের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে... এটা এমন হওয়া উচিৎ যাতে ইরান ভাবতে বাধ্য হয় তারা কোনদিকে যাচ্ছে।”   

গত ২৩ ডিসেম্বর নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের প্রচেষ্টা হিসেবে পরমাণু বোমা বানাতে সাহায্য করতে পারে এমন যেকোনো ধরনের স্পর্শকাতর দ্রব্য ও প্রযুক্তি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিরাপত্তা পরিষদ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে আগামী ২১ ফেব্র“য়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছে। এরপর এ সংক্রান্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে। আইএইএতে মার্কিন রাষ্ট্রদূত গ্রেগরি সুলত গত ৭ ফেব্র“য়ারি এমনই ইঙ্গিত দিয়েছেন।