২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের শীর্ষ আল কায়দা নেতা মাসরির আহত হওয়ার খবর প্রকাশ

ইরাকে আল কায়দার শীর্ষ নেতা আবু আইয়ুব আল মাসরি আহত হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 07:39 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

উত্তর বাগদাদে ইরাকি সেনাদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন বলে শুক্রবার আরব টিভি চ্যানেলগুলো জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আল ইরাকি টিভির খবরে বলা হয়, বালাদ জেলায় ইরাকি সেনাদের আক্রমণে টিকতে না পেরে মাসরি পালিয়ে যান। সংঘর্ষে মাসরির এক সহযোগী মারা যায়। আর তিনি নিজে আহত হন।  

তবে আল জাজিরা টিভি জানায়, আহত ব্যক্তি মাসরি কি না, তা মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করতে পারেননি।

এদিকে মার্কিন বাহিনী জানিয়েছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।

২০০৬ সালের জুন মাসে বিমান হামলায় আবু মুসাব আল-জারকাবির মৃত্যু হলে ইরাকে আল কায়েদার হাল ধরেন মিশরের নাগরিক মাসরি। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী তার মাথার দাম ৫০ লাখ ডলার।