২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুসারীদের ইরাক ছাড়তে বলেছেন সদর: তালাবানি

অনুসারীদের একটি বড় অংশকে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছেন ইরাকের শীর্ষস্থানীয় শিয়া নেতা মুকতাদা আল সদর। এ কথা জানিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি। তবে সদরের অবস্থান নিয়ে তিনি কিছু জানাতে পারেননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 11:43 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার বাগদাদে সংবাদ সম্মেলনে ইরাকি প্রেসিডেন্ট বলেন, “আমি যতদূর জানি, মেহেদি আর্মির একটি বড় অংশকে ইরাক ত্যাগের নির্দেশ দেন মুকতাদা সদর। বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান যেন সফল হয়, সেজন্যই তিনি এ নির্দেশ দেন।”

তবে সদরের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে সে বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেন তালাবানি।

মুকতাদা সদরের অবস্থান নিয়ে কয়েক দিন ধরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। মার্কিন বাহিনী বলছে, সদর ইরান পালিয়ে গেছেন।

তবে তার ঘনিষ্ঠ জনদের দাবি, ইরাকের নাজাফেই অবস্থান করছেন মার্কিনবিরোধী এ শিয়া নেতা। নিরাপত্তা জনিত কারণে তিনি প্রকাশ্যে খুব একটা আসছেন না।