বর্তমান - অতীতের টানাপড়েনে চীন - জাপান সম্পর্ক
চীন, জাপান দ্বিপাক্ষিক সম্পর্কে অতীতের বরফ গলে বর্তমানের উষ্ণ রোদের আঁচ লাগছে। কিন্তু দুদেশের মৈত্রীর পথে এখনও বড় বাধা অতীতের তিক্ততা, বিশ্বযুদ্ধের স্মৃতির কাঁটার মতো আছে বর্তমানের নানা সমস্যাও। পূর্ব চীন সাগরের তেল - গ্যাসের মালিকানা নিয়ে বিরোধ আপাতত চাপা পড়ে থাকলেও যেকোনো মুহূর্তে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বিপুল পরিমাণ জ্বালানি চাহিদার দেশ দুটির কাছে। তবুও আঞ্চলিক রাজনীতির হিসেব - নিকেশ আর নতুন নেতৃত্বের উদ্যমে এখন হাওয়া বইছে দেশদুটির মৈত্রীর পালেই।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওজিং জাপানের রাজধানীতে শুক্রবার বলেছেন, “টোকিওর সঙ্গে সম্পর্কোন্নয়নের এ ধারাবাহিকতা চলতে থাকবে। তবে একইসঙ্গে তিনি এও বলেন, যুদ্ধকালীন স্মৃতি এখনও দুদেশের সম্পর্ককে তাড়া করে ফেরে।”
চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের এপ্রিল মাসের সফরের পথ তৈরিতেই লির এ টোকিও যাত্রা। ওই সফরে জাপানের পার্লামেন্টে ভাষণ দিতে পারেন তিনি। নতুন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে সেপ্টেম্বরে চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কে যে নতুন মাত্রার সূচনা করেছিলেন এটা তারই ধারাবাহিকতা।
একসময় চীন বিরোধী হিসেবে সুপরিচিত হলেও ক্ষমতায় এসে চীনের সঙ্গে সম্পর্ক মেরামতের উদ্যোগ নেন আবে। প্রধানমন্ত্রী হিসেবে ইয়াসুকুনি সফরের বিষয়ে তার নির্লিপ্ততা তাকে কাছে টানে চীনাদের।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন বিতর্কে বিক্ষুব্ধ হয়ে ওঠে চীন - কোরিয়াসহ যুদ্ধের সময়ে জাপানের হাতে নিপীড়িত দেশগুলোর মানুষেরা। তাদের অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যুদ্ধাপরাধী সমরনেতাদের শ্রদ্ধা জানানো হচ্ছে ওই সমাধিক্ষেত্রে জাপানি প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে।
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ২০০৭ সালটি নানাভাবে গুরুত্বপূর্ণ চীন - জাপানের কাছে। চীন - জাপান যুদ্ধ অতীতের রক্তাক্ত ‘মার্কো পোলো সেতু হত্যাযজ্ঞ’র ৭০ বছর হবে এ বছর। ১৯৩৭ সালের ৭ জুলাই বেইজিংয়ের মার্কো পোলো সেতুর কাছে ওই ঘটনার সূত্র ধরেই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছিল দেশ দুটোর মধ্যে। সে সময় নানজিং গণহত্যায় তিন লাখ মানুষ নিহত হয়েছিল বলে দাবি করে আসছে চীন।
আবার বিশ্বযুদ্ধ সমাপ্তির পর নতুন করে দুদেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৩৫ বছর পূর্তি হবে এ বছরেই।
নতুন চীন - জাপান সম্পর্কের ক্ষেত্রে চীনা পররাষ্ট্রমন্ত্রী যেমন উল্লেখ করেছেন যুদ্ধকালীন স্মৃতির টানাপড়েনের কথা তেমনি জাপানিদের কথায় টের পাওয়া গেছে বর্তমানের জ্বালানি বিরোধের ইঙ্গিত। টোকিওতে জাপান - চীন মৈত্রী নাগরিক উদ্যোগে আয়োজিত এক সভায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের পর জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কমিউরো সে কথাই মনে করিয়ে দিয়েছেন।
চীন - জাপান সম্পর্ককে বহুদূর নিয়ে যাবার আশা ব্যক্ত করার পাশাপাশি পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল - গ্যাস অনুসন্ধানে নিয়োজিত একটি চীনা গবেষণা জাহাজ নিয়ে দুদেশের সাম্প্রতিক টানাপড়েনের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।
আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টাসহ জ্বালানি বিরোধের মতো ইস্যুগুলোতে দুদেশের ব্যাপক মতপার্থক্য থাকলেও ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্যই দ্বিপাক্ষিক সুসম্পর্কের প্রয়োজনীয়তা অনুভব করছে চীন ও জাপান।
