২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বাসে বোমা হামলায় নিহত ১১, আটক ৫

ইরানের সরকারি বাহিনী রিপাবলিকান গার্ডের একটি বাসে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার পাকিস্তান - আফগান সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে এ হামলা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। (আরও তথ্যসহ)

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 07:41 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ইরানের আধা - সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ‘জুনদুল্লাহ’ বা আল্লাহর সৈনিক নামের একটি সুন্নি চরমপন্থী সংগঠন ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে দেশটির সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জুনদুল্লাহর সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততা রয়েছে বলে ইতোপূর্বে মন্তব্য করেছিল ইরান।

এদিকে, ইরানের ধর্মীয় নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিনা বিচারে হামলার দায়দায়িত্ব সুন্নিদের ওপর না চাপানোর আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানায়, বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল। তার পাশ দিয়ে রিপাবলিকান গার্ড বাহিনীর বাসটি যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে।

প্রাদেশিক গভর্নর হাসান আলি নুরি ইরনাকে জানিয়েছেন, ওই বিস্ফোরণে ১১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। গাড়িটি গার্ড বাহিনীর কর্মচারীদের পরিবহনের দায়িত্বে নিয়োজিত একটি ইউনিটের বলেও জানান তিনি।

রাস্তার পাশে রাখা ভাঙ্গাচোরা একটি গাড়িতে বোমাটি রেখে গার্ড বাহিনীর বাসটি আসার জন্য অপেক্ষা করছিল চার ব্যক্তি। বিস্ফোরণ ঘটানোর পর মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায় তারা।

গভর্নর অফিসের এক কর্মকর্তা বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এর আগে স্থানীয় বার্তা সংস্থাগুলো নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিল।

স্টুডেন্টস নিউজ এজেন্সি নামে অপর একটি বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ওই বিস্ফোরণ ঘটে। তারাও নিহতের সংখ্যা ১৭ থেকে ১৮ বলে উল্লেখ করে। তবে বার্তা সংস্থা ফার্স জানায়, বিস্ফোরণে আটজন নিহত হন।

প্রসঙ্গত, পাকিস্তান - আফগানিস্তান সীমান্ত সংলগ্ন সিস্তান বেলুচিস্তান অঞ্চলটি সুন্নি অধ্যুষিত। ওই এলাকায় মাদক পাচার নিয়ে নিরাপত্তা বাহিনী এবং পাচারকারী দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।