‘পরমাণু কর্মসূচি বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান’
ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ঘনিষ্ঠ সহযোগী। ফ্রান্সের দৈনিক লিবারেশন খামেনির ওই সহযোগী আলী আকবর বেলায়েতিতে উদ্ধৃত করে বুধবার একথা জানায়।
পত্রিকাটি জানায়, বেলায়েতি জানিয়েছেন ইরান আগেই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের এ তৎপরতাও পশ্চিমা বিশ্বের সঙ্গে সৃষ্ট বিরোধ নিরসনে সহায়ক হয়নি।
“কিন্তু আমরা যদি এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করে যাই, তবে এ সংক্রান্ত কোনো প্রস্তাবই অগ্রহণযোগ্য হবে না।”
“আমরা শুধু একটা ব্যাপারেই অনমনীয় অবস্থান নিয়েছি। সেটা হল, আমাদের পরমাণু জ্বালানি পাওয়ার বৈধ অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। আর পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে এ অধিকার নিশ্চিত করা হয়েছে।”
সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সৃষ্ট বিরোধ মেটাতে দেশটির কর্মকর্তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। বেলায়েতির বক্তব্য এ সংক্রান্ত সর্বসাম্প্রতিক চমক।
সাবেক প্রেসিডেন্ট আকবার হাসেমি রাফসানজানির নেতৃত্বাধীন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী বেলায়েতি বর্তমানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। দেশটির যেকোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কেবল আয়াতুল্লাহরই আছে। এর আগে অবশ্য তিনি কট্টরপন্থী থেকে মধ্যপন্থী- সবধরনের সম্মান্নিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি বোর্ডের সঙ্গে আলোচনা করেন।
বেলায়েতির এ বক্তব্যের আগে অবশ্য প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পরমাণু কর্মসূচি বন্ধের দাবি প্রত্যাখ্যান করেছিলেন। আহমাদিনেজাদ বলেন, “আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। তবে পরমাণু কর্মসূচি বন্ধের দাবি মেনে নেব না।”
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান গোলামরেজা আঘাজাদেহও মঙ্গলবার জানান, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের কোনো ইচ্ছাই নেই।
“তারা যা চাইছে তা হবে না,” আঘাজাদেহকে উদ্ধৃত করে জানায় বার্তাসংস্থা আইএসএনএ।
