ভেনেজুয়েলায় দ্রুতগতিতে চলছে জাতীয়করণ অভিযান
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ অত্যন্ত দ্রুতগতিতে তার জাতীয়করণ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। জ্বালানি ও টেলিযোগাযোগ খাতের জাতীয়করণ পরিকল্পনা বর্তমান গতিতে চলতে থাকলে আগামী এক মাসের মধ্যে বড় বড় তিনটি মার্কিন কোম্পানিকে ভেনেজুয়েলা থেকে পাততাড়ি গোটাতে হবে।
দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছেন, ১০ কোটি ৬০ লাখ ডলারে ভেনেজুয়েলায় মার্কিন বিদ্যুৎ কোম্পানি ‘সিএমএস’র মালিকানা কিনে নেবেন তারা। এর একদিন আগে টেলিকম কোম্পনি ভেরিজনের সঙ্গে চুক্তি বাতিল করে ৫৭ কোটি ২০ লাখ ডলারে কোম্পানিটি কিনে নেওয়ার ঘোষণা দেয় ভেনেজুয়েলা।
এদিকে, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ‘এইএস করপোরেশন’কে ৭৫ কোটি ডলারে কিনে নেওয়ার চুক্তি করেছে ভেনেজুয়েলা।
শাভেজ তার দেশের জ্বালানি ও টেলিযোগাযোগ খাতকে জাতীয়করণ করার ঘোষণা দেওয়ার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যেই এসব চুক্তি করা হচ্ছে। মাত্র দু সপ্তাহ আগে বিশেষ ডিক্রি বলে এসব কাজ করার ক্ষমতা লাভ করেন লাতিন আমেরিকার এ বামপন্থী নেতা।
ভেনেজুয়েলা সরকারের এসব উদ্যোগের বিপরীতে নিজেদের মালিকানা ধরে রাখতে কোম্পানিগুলোর পছন্দ অপছন্দের কোনো সুযোগ থাকছে না। তবে কোম্পানিগুলো এবং অর্থনীতিবিদরা বলছেন, মালিকানা কিনে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠিন শর্তারোপ করেছে ভেনেজুয়েলা। এতে দেশটির বিনিয়োগ পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলার এ জাতীয়করণ অভিযানের সামনের সারিতে আছেন নতুন ভাইস প্রেসিডেন্ট জর্জ রডরিগেজ। রাস্ট্রীয় ফোন কোম্পানি সিএএনটিভি থেকে ভেরিজনের ২৯ শতাংশ শেয়ার কিনে নেওয়ার ঘটনার উল্লেখ করে এ অভিযানকে ‘দ্রুত ও স্বচ্ছ’ হিসেবে বর্ণনা করেন রডরিগেজ।
দেশের তেল সম্পদের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে শিল্পখাতে বিনিযোগ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এ জাতীয়করণ অভিযান চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। কিন্তু দেশটির তেল শিল্প কেন্দ্র ওরিনকো অববাহিকার ওপর আগামী মে মাসের আগেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে শাভেজ কতোটা সফল হবেন তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।
জাতীয়করণ অভিযানের শুরু থেকেই মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে দেশটিতে। জানুয়ারি মাসে ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির হার ছিল ১৮. ৪ শতাংশ। এ অবস্থায় ক্রমাবনতিশীল অর্থনীতির লাগাম টেনে ধরতে জাতীয়করণ অভিযান দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছে সরকার।
