২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে ভারত ও কিউবা

ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার সংক্রান্ত গবেষণা এবং মেক্সিকো উপসাগরে তেল অনুসন্ধানের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় ও জোরদার করতে যাচ্ছে ভারত ও কিউবা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আনন্দ শর্মা বুধবার হাভানা সফর শেষে একথা জানান।

এছাড়া, বায়ুশক্তি চালিত উন্নত প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণায় দুটি দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

শর্মা কিউবার ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করেন।

মঙ্গলবার শর্মার সঙ্গে সাক্ষাতের পর কিউবার ভাইস প্রেসিডেন্ট কার্লোস ল্যাগে বলেন, “রাজনৈতিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে আগামীতে আমরা কিউবা ও ভারতের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দেখতে পাব।”

কিউবার বিজ্ঞানীদের আবি®কৃত মাথা ও ঘাড়ের ক্যান্সারের প্রতিষেধক তৈরিতে দুই দেশ গত বছর ভারতে যৌথভাবে একটি জৈবপ্রযুক্তি শিল্প স্থাপন করেছে।  অন্যদিকে কিউবা চায় ভারতের উন্নত তথ্য প্রযুক্তি সেবার সুবিধা নিতে।

কিউবার বিজ্ঞানীদের এ প্রতিষেধক ভারত শিগগিরই বাজারজাত করবে বলে শর্মা জানান।

ভারতীয় তেল কোম্পানি ওএনজিসির বৈদেশিক শাখা ওএনজিসি বিদেশ লিমিটেড (ওভিএল) সম্প্রতি হাভানায় একটি কার্যালয় খুলেছে। গত বছর সেপ্টেম্বর মাসে কোম্পানিটি কিউবা সংলগ্ন মেক্সিকো উপসাগরের দুটি স্থানে তেল উত্তোলন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে।    

১৯৬০ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে নিউইয়র্কে সাক্ষাৎ করেন। তখন থেকেই ঘনিষ্ট সম্পর্ক বহাল রেখেছে দেশ দুটি।