২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে তুমুল বিতর্ক

ইরাকে নতুন করে সৈন্য পাঠানোর পক্ষে বিপক্ষে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিতর্কের ঝড় বয়ে যায়। ডেমোক্রেটরা আওয়াজ তোলে, এ বিষয়ে জনগণ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। আর এটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, অতিরিক্ত সৈন্য পাঠানোর সপক্ষে সে কথাই আবার স্মরণ করিয়ে দিয়েছে রিপাবলিকানরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 01:03 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এর আগে ইরাক নীতি এবং সেখানে আরো সৈন্য পাঠানোর বিরোধিতা করে কংগ্রেসে খসড়া প্রস্তাব তোলে ডেমোক্রেট ও কয়েকজন রিপাবলিকান সদস্য। তবে প্রতিনিধি পরিষদে উভয় দলের মধ্যে বাদানুবাদে এবারই প্রথম প্রেসিডেন্ট বুশকে সরাসরি আক্রমণ করেছেন ডেমোক্রেট নেতারা। প্রতিনিধি পরিষদে আরো দুই দিন এ নিয়ে আলোচনা চলবে।

আলোচনার সুত্রপাত ঘটান প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি। তিনি বলেন, “ইরাক ইস্যুতে প্রেসিডেন্টের ওপর আস্থা হারিয়েছে জনগণ। সংকট থেকে উত্তরণে নতুন কিছু তারা চায়, যা গত নভেম্বরের নির্বাচনের ফলাফলই প্রমাণ করেছে।”

তার ভাষায়, “ইরাকে বর্তমান কৌশল কাজ করছে না এবং এতে কিছু হবে না। তাই কৌশল বদলাতে হবে।”

ওহিয়ো অঙ্গরাজ্যের নেতা জন বোয়েনার সতর্ক করে দিয়ে বলেন, “ইরাক ছেড়ে এখনি চলে আসার সিদ্ধান্তটি হবে আত্মঘাতী। এর ফলে ইরান মাথাচাড়া দিয়ে উঠবে এবং ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে। তার মতে ‘চরমপন্থী ইসলামী সন্ত্রাসীদের’ সঙ্গে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল ইরাক।”

ইরাকে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাবের ওপর শুক্রবার ভোট হতে যাচ্ছে। এতে ডেমোক্রেটদের পাশাপাশি অনেক রিপাবলিকানেরও সমর্থন রয়েছে। এ বিষয়টি অগামী সপ্তাহে সিনেটেও তোলার পরিকল্পনা রয়েছে ডেমোক্রেটদের।

এদিকে ইউএসএ টুডে এর সর্বসাম্প্রতিক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জনগণই ইরাক থেকে সৈন্য ফিরিয়ে নিয়ে আসার পক্ষে।