২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত ইরান: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার বলেছেন, পরমাণু অস্ত্রের ‘যেকোনো ধরনের বিস্তারের বিরোধী’ তার দেশ। তিনি আরও বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সবসময়ই প্রস্তুত ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তেহরানে যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “গণবিধ্বংসী মারণাস্ত্র ও পরমাণু অস্ত্রের যেকোনো বিস্তারের বিরোধী আমরা।”

 “যতক্ষণ পর্যন্ত মানব জাতির অধিকারের নিশ্চয়তা থাকবে ততক্ষণ পর্যন্ত আইনসঙ্গত কাঠামোর মধ্যে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আমরা।”

তবে নিজের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত বলে দাবি করে আসছে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে ইরানের আসল লক্ষ্য পরমাণু বোমা বানানো। এসব সন্দেহের মাঝে দেশটির সঙ্গে কোনো ধরনের পরমাণু প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা আদান প্রদান নিষিদ্ধ করে গত ডিসেম্বরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

এছাড়া, ইরাকে গেরিলাদের মদদ দেওয়া এবং সেখানে মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে অস্ত্র সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া অব্যাহত রয়েছে।