২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশ্বকে আশ্বস্ত করতে সক্রিয় বুশ

ইরাকের মতো ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই- বিশ্বকে এখন এটাই বোঝাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। যদিও ইরাকে সহিংসতার পেছনে ইরানের হাত রয়েছে, বারবার এ অভিযোগে বিদ্ধ করে তেহরানকে চাপে রাখার কৌশলও ছাড়ছেন না তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পারস্য উপসাগরে দুটি রণতরী পাঠানোকে ইরান অভিযানের ইঙ্গিত হিসেবেই দেখছিলেন বিশ্লেষকরা। কিন্তু হোয়াইট হাউজ বলছে, তারা ইরানের পরমাণু সমস্যার সমাধান কূটনৈতিক উপায়েই সমাধান করতে চায়। তবে ইরাকে সন্ত্রাসে মদদদান ও পরমাণু ইস্যু- এ দুটি ভিন্ন করেই দেখছে ওয়াশিংটন।

গত ১০ জানুয়ারি নতুন ইরাক নীতির ঘোষণায় প্রেসিডেন্ট বুশ অভিযোগ করেন, “ইরাকে মার্কিন সেনা হত্যায় রসদ সরবরাহ করছে ইরান।” আর তখন থেকেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান অভিযান নিয়ে আলোচনার শুরু।

যদিও পরমাণু সমস্যার কূটনৈতিক সমাধান বুশ চান, তবুও ইরাকের অভ্যন্তরে ইরানিদের গ্রেফতার ও হত্যার নির্দেশও সেনাদের দেওয়া আছে ওয়াশিংটনের পক্ষ থেকে।

হোয়াইট হাউজের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, “ইরান অভিযানের কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না। কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা। আমরা সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, এ জন্য আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও আশ্বস্ত করেছেন, ইরাকের মতো ইরানে যুদ্ধ বাধানোর কোনো অভিপ্রায় ওয়াশিংটনের নেই।

তবে ডেমোক্রেটদের আশঙ্কা, প্রেসিডেন্ট বুশ ইরান নিয়েও ২০০৩ এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন। ইরাক অভিযানের আগেও ব্যাপক পরিমাণ গণবিধ্বংসী অস্ত্র মজুদের কথা বলা হয়েছিল। কিন্তু পরে তার অনুমাত্রও পাওয়া যায়নি সেখানে।

ডেমোক্রেট সিনেটর ক্রিস্টোফার রিড রোববার বলেন, “ইরাকে আমরা ঝামেলায় আছি। আর এ কারণেই বিকৃত তথ্য দেওয়ার মাধ্যমে প্রশাসন জনগণকে ভুল পথে চালিত করতে পারেন। নিকট ইতিহাস এ কথাই সমর্থন করে।”

এ বক্তব্যকে রাজনৈতিক প্রতিপক্ষের স্বাভাবিক আক্রমণ হিসেবেই দেখতে চান প্রেসিডেন্ট বুশ। আর হোয়াইট হাউজ এর দায়িত্ব চাপিয়ে দিয়েছে প্রচার মাধ্যমের ওপর। হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো বলেন, “আমাদের নীতি অপরিবর্তিতই আছে। কিন্তু প্রচার মাধ্যম যেহেতু বড় ঘটনা চায়, তাই তারা এটাকে প্রচারে তুলে আনছে।”

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিশ্লেষক অ্যান্টনি কর্ডেসম্যানের মতে, একটি ইস্যু তৈরির প্রয়াস থেকেই ইরান নিয়ে বিতর্ক তুলতে সচেষ্ট ডেমোক্রেটরা।

তিনি বলেন, “ইরাকে ইরানি অর্থ ও অস্ত্রের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যটা অতি পরিষ্কার। অভিযানের পরিকল্পনার কোনো ইঙ্গিত মিলছে না।”

ইরান ইস্যুতে সতর্ক পথ ধরেই হাঁটতে চাইছে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে যেমন কূটনৈতিক সমাধান চান, তেমনি ইরাকে সহিংসতায় মদদ যোগানোর জন্য তেহরানকে হুমকি ধমকিও দিয়ে যেতে চায়। কারণ ইরাকে সন্ত্রাসের পেছনে যে ইরানের হাত রয়েছে, এটা মার্কিন কর্মকর্তারা সত্যিই বিশ্বাস করেন।