গিনিতে সামরিক আইন জারি করলেন প্রেসিডেন্ট
অব্যাহত বিক্ষোভের মুখে সামরিক আইন জারি করা হয়েছে অফ্রিকার দারিদ্র্যপীড়িত রাষ্ট্র গিনিতে। দেশটির প্রেসিডেন্ট সোমবার এ ঘোষণা দেন। এ আইন ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান প্রেসিডেন্ট লান্সানা কন্টে।
জনজীবনের দুর্ভোগ এড়াতে সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে বলে বেতার ভাষণে উল্লেখ করেন প্রেসিডেন্ট লান্সানা। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে ইউগেনে কামারার নাম ঘোষণার পরপরই ইউনিয়নগুলো নতুন করে ধর্মঘটের ডাক দেয়। এর আগে জানুয়ারি মাসে তাদের ডাকে ১৯ দিন ধর্মঘট পালিত হয়।
সেনা অভ্যূত্থানে ক্ষমতা দখলকারী লান্সানার ২৩ বছরের শাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পাশাপাশি ছাত্রবিক্ষোভও দেখা দেয় দেশটিতে। বিক্ষোভ দমনে কঠোর দমননীতি চালান প্রেসিডেন্ট। এতে রাজধানী কোনাক্রিসহ বেশ কয়েকটি বড় শহরে কমপক্ষে নয় জন নিহত হন। জানুয়ারি থেকে সহিংসতায় মারা যান ১১০ জনেরও বেশি লোক।
লান্সানা কন্টে বলেন, “গিনির জনগণকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।”
সামরিক আইন জারির ফলে যে কোনো ধরনের জনসভা নিষিদ্ধ থাকবে। পাশাপাশি রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র নিয়ন্ত্রণের ক্ষমতাও থাকবে সামরিক বাহিনীর। রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি মনে হলে যেকোন ব্যক্তিকে গ্রেপ্তার এবং কারো ব্যক্তিগত টেলিফোন কল, ফ্যাক্স ও ইমেইলও পর্যবেক্ষণ করা যাবে।
এদিকে নিরাপত্তা বাহনীর সঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে। রাজধানীর বিমানবন্দরের কাছে সংঘর্ষের কারণে শনিবার থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইট আসছে না।
দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত- এমন বক্তব্য প্রচার করায় প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের একটি দল সোমবার লিবারটি রেডিও নামে একটি বেতার কেন্দ্র জ্বালিয়ে দেয়।
সামরিক আইন জারির আগে আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের নেতা বোবাকার বিরো বেরি রয়টার্সকে জানান, “আমরা আশা করি প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্য কারো নাম প্রেসিডেন্ট ঘোষণা করবেন।”
