২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থানীয় পরিদর্শককে ইরান থেকে সরিয়ে নিল আইএইএ

ইরানে পরমাণু কর্মসূচি পরিদর্শনে নিযুক্ত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) শীর্ষস্থানীয় এক পরিদর্শককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 12:07 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আইএইএ প্রধান এল বারাদেইয়ের সিদ্ধান্তেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শীর্ষস্থানীয় এক কূটনীতিবিদ মঙ্গলবার জানিয়েছেন। বেলজিয়ামের নাগরিক ক্রিস শার্লিয়ারকে ইরানের বদলে আইএইএ-এর ব্রাজিল এবং আর্জেন্টিনার শাখার প্রধান করা হচ্ছে। ১ এপ্রিল তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।

তবে ইরানের চাপে ক্রিস শার্লিয়ারের সরিয়ে নেওয়া হচ্ছে না বলে দাবি করেছে আইএইএ। এছাড়া, ইরানের পরমাণু স্থাপনা সংক্রান্ত অতি গোপনীয় তথ্য পশ্চিমা শক্তিগুলোর কাছে পাচার  করেছেন শার্লিয়ার- তেহরানের এমন অভিযোগও অস্বীকার করেছে সংস্থাটি।

ক্রিস শার্লিয়ার নয় মাস আগে আইএইএ-র ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ দলে যোগ দিলেও তেহরান তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি তাকে প্রত্যাহারের জন্য আইএইএ- এর কাছে আহ্বানও জানানো হয়।

এসব কারণে শার্লিয়ার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না বলে স্বীকার করেন ওই কূটনীতিক। তবে তিনি বলেন, “অস্ত্র পরিদর্শনে কাকে নিযুক্ত করা হবে, কাকে হবে না, তেহরানের তা বলার এখতিয়ার নেই। অবশ্য কারো ব্যাপারে আপত্তি থাকলে তা তারা জানাতে পারে।”

উল্লেখ্য, গত মাসে ৩৮ জন অস্ত্র পরিদর্শকের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইরান।