আফগানিস্তানকে আর অরক্ষিত রেখে যাবে না যুক্তরাষ্ট্র: গেটস
আফগানিস্তানকে অরক্ষিত ফেলে রেখে সেখান থেকে সরে আসার মতো ভুল দ্বিতীয়বার আর করবে না যুক্তরাষ্ট্র। নব্বইয়ের দশকে ওই ভুলের মাশুল হিসেবে ২০০১ সালে ১১ সেপ্টেম্বরের হামলার মতো চড়া মূল্য দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তান সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার একথা বলেছেন।
তিনি বলেন, “১৯৮০ এবং ১৯৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদে আফগানদের সহায়তা দেওয়ার পর সেখান থেকে চলে গিয়ে যে ভুল হয়েছিল তা থেকে শিক্ষা নিয়েছি আমরা।”
“সোভিয়েতরা চলে যাওয়ার পর একটি বড় ভুল করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানকে যুক্তরাষ্ট্রের তুচ্ছ গণ্য করার সুযোগে সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় জঙ্গিরা।”
গেটস বলেন, “নব্বইয়ের দশকের ওই ভুলের মাশুল হিসেবে ১১ সেপ্টেম্বরের হামলার খেসারত দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।”
সেনা শহর রাওয়ালপিন্ডির চাকালা সামরিক সেনা ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
তালেবান দমন ইস্যুতে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের ওপর চাপ বাড়ার পরিপ্রেক্ষিতে গেটস পাকিস্তান সফরে এলেন। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অভিযোগ করে আসছে যে, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে ঘাঁটি গেড়েছে তালেবানরা এবং সেখানে বসেই প্রশিক্ষণ কর্মসূচিসহ বিভিন্ন হামলা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে তারা।
গেটসের এ সফরের আগে ন্যাটো বাহিনীর এক কর্মকর্তা বলেন, “পাকিস্তান তালেবান দমন পরিকল্পনার অংশ না হওয়া পর্যন্ত আমরা সফল হতে পারবো না।”
