২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টে যাচ্ছে পর্তুগালের গর্ভপাত বিতর্ক

গর্ভপাতকে বৈধতা দিতে পর্তুগালের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল আইনটিকে সংসদে উত্থাপন করবে। গর্ভপাত ইস্যুতে রোববারের গণভোটে কোনো সুরাহা না হওয়ায় এ সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী জোসে সক্রেতেস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 03:10 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

গণভোটে ভোটদানের হার কম হলেও এর উল্লেখযোগ্য দিক হল ৫৯.৩ শতাংশ গর্ভপাতকে বৈধতা দেওয়ার পক্ষপাতী। অন্যদিকে, ৪০.৮ শতাংশ ভোট পড়েছে বর্তমান নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পক্ষে।

প্রধানমন্ত্রী জোসে সক্রেতেস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “অংশগ্রহণকারীর সংখ্যা কম হলেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার অনুকূলে রয়েছে গণভোটের ফলাফল। গর্ভপাতের বিষয়ে নতুন যে আইন করা হচ্ছে তাতে গর্ভাবস্থার প্রথম দশ সপ্তাহের মধ্যেই কেবল গর্ভপাতের অনুমতি দেওয়া হবে।” উল্লেখ্য, অধিকাংশ দেশে গর্ভাবস্থার আরও পরেও গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।

তিনি আরও বলেন, এখন সংসদে আইনটি নিয়ে আলোচনা হবে এবং সেখানেই তা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ আইনটি সংসদে পেশ করা হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে সক্রেতেসের মুখপাত্র স্টিল জানিয়েছেন।

২০০৫ সালে ক্ষমতায় আসার পরই সমাজতান্ত্রিক দলটি প্রতিশ্র“তি দেয় যে এ আইনের ব্যাপারে তারা গণভোটের আয়োজন করবে।

এদিকে গর্ভপাত আইনের বিরোধীরা ভোটের ব্যাপারে সক্রেতেসের ব্যাখ্যার সমালোচনা করেছেন। অনেকের মতে, এ আইন করা হলে ইউরোপের সবচেয়ে রক্ষণশীল দেশ পর্তুগালের ঐতিহ্য নষ্ট হতে পারে।

‘পার্টিদো পপুলার’ দলের প্রধান জোসে রিবেইরো ই কাস্ত্রো বলেন, “পর্তুগালের ইতিহাসের দুঃখজনক এ অধ্যায়ের জন্য সক্রেতেস দায়ি থাকবেন।” তিনি আরও বলেন, গণভোটে কম ব্যক্তি অংশগ্রহণ করেছে, এর কারণ হল গর্ভপাতের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।

প্রসঙ্গত, গর্ভপাতের বৈধতার ব্যাপারে রোববার দেশটিতে দ্বিতীয়বারের মতো গণভোট অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৮ সালের ভোটে জনগণ গর্ভপাতের বিপক্ষে রায় দেয়। বর্তমান আইনে পর্তুগালে গর্ভপাত দণ্ডণীয় অপরাধ। এর জন্য তিন বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে।

তবে কেবল ধর্ষণ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে বিদ্যমান আইন গর্ভপাত অনুমোদন করে।