২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর কষাকষি না করে চুক্তি স্বাক্ষরে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের আহ্বান

পরমাণু কার্যক্রম বন্ধের বিনিময়ে বিপুল অঙ্কের জ্বালানি তেল সরবরাহ করতে হবে- এ ধরনের দর কষাকষি আর না করে এবার একটি সমঝোতায় পৌঁছাতে উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছয় জাতি আলোচনায় মার্কিন প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বেইজিঙে সোমবার এ আহ্বান জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তিনি বলেন, “সংলাপের এ সুযোগ নির্দিষ্ট সময়ের পর আর থাকবে না। চুক্তি না হলে অবশ্যই তার রাজনৈতিক প্রভাব পড়বে। তা যুক্তরাষ্ট্রেই হোক, কিংবা অন্য দেশে।”

উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বিশেষ করে ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার কার্যক্রম আগামী দুমাসের মধ্যে বন্ধ করলে দেশটিকে কয়েকশ কোটি মার্কিন ডলারের জ্বালানি তেল সাহায্য দেওয়া হবে- এ বিষয়ে সম্মত হওয়ার পরপরই দেশটিকে আর দর কষাকষি না করে সমঝোতায় পৌঁছানোর অনুরোধ জানায় দাতা দেশগুলো।

সংলাপে বসার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিল বলেন, “আমার মনে হয় না আরও তর্ক - বিতর্ক, আরও দর কষাকষির প্রয়োজন আছে। উত্তর কোরিয়ার জন্য একটি সিদ্ধান্তে পৌঁছানোর এখনই সময়। আমাদের প্রস্তাবে উত্তর কোরিয়া আগ্রহী কিনা তা জানার এটাই উপযুক্ত সময়।”

এদিকে, সোমবার সকাল নাগাদ উত্তর কোরিয়া একটি সিদ্ধান্ত জানাবে বলে আশা করছেন জাপানের প্রধান মধ্যস্থতাকারী কেনিশিরো সাসায়ি।

এর আগে উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার কর্মসূচি স্থগিতে সম্মত হলেও দাতা দেশগুলো দেশটিকে কীভাবে, কী পরিমাণ জ্বালানি ও অর্থ সাহায্য দেবে সে বিষয়ে সংলাপে মতপার্থক্য দেখা দেয়।

এর পাশাপাশি সংলাপে অংশগ্রহণকারী অন্য দেশের প্রতিনিধিরা উত্তর কোরিয়াকে অর্থ ও জ্বালানি সাহায্য দেওয়ার পর পরমাণু কর্মসূচি বন্ধে দেশটি কত দ্রুত পদক্ষেপ নেবে সে বিষয়ে সন্দিহান হয়ে পড়লে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়।

এদিকে, একটি কূটনৈতিক সুত্র জানায়, সংলাপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার কাছে উত্তর কোরিয়া বিশ লাখ টন ভারি জ্বালানি এবং বিশ লাখ কিলোওয়াট বিদ্যুৎ দাবি করেছে যার দাম ৬০ কোটি মার্কিন ডলার।

তবে অপর একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া হয় বিদ্যুৎ, নয় ভারি জ্বালানি- এর যেকোনো একটি সাহায্য চেয়েছে।