কৈশোরে মাদক সেবনের দায়ে ধরা পড়েছিলেন ক্যামেরন
প্রধানমন্ত্রী হলে চিকিৎসার জন্য ক্যানাবিস ব্যবহারে বৈধতা দেওয়ার কথা গত মাসে বলেছিলেন যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ক্যামেরন। কিন্তু নিজে যে কৈশোরে তা সেবন করে ধরা পড়েছিলেন, ফাঁস হয়ে পড়েছে সে তথ্য।
দি মেইল পত্রিকা রোববার জানায়, ১৫ বছর বয়সে ক্যানাবিস সেবন করতে গিয়ে ধরা পড়েন ডেভিড ক্যামেরন। এ জন্য স্কুলের প্রধান শিক্ষকের তিরস্কারও শুনতে হয় তাকে। তবে তার ভাগ্য ভালো, এজন্য ইটন স্কুল কর্তৃপক্ষ সাত ছাত্রকে বহিষ্কার করলেও বেঁচে যান তিনি।
বিষয়টির সত্যতা নিয়ে জানতে চাওয়া হলে রক্ষণশীল দলের মুখপাত্র হ্যাঁও বলেননি, আবার উড়িয়েও দেননি। তার বক্তব্য এ রকম, “এটা ২৫ বছর আগের একটি ঘটনা, আর ক্যামেরন বারবারই বলে আসছেন, সংসদ সদস্য হওয়ার আগেও তাদের ব্যক্তিগত জীবন বলে একটা কথা থাকে।”
টনি ব্লেয়ারের লেবার পার্টিকে হটাতে রক্ষণশীল দলের সম্ভাবনার পালে হাওয়া লাগিয়েছেন ডেভিড ক্যামেরন। তার নেতৃত্বে আবার ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে রক্ষণশীলরা। জনমত জরিপেও এগিয়ে রয়েছেন ক্যামেরন।
এখন হঠাৎ করে এ তথ্য ফাঁস হওয়ার প্রভাব কী রকম হতে পারে? জানতে চাওয়া হলে দলের সংসদ সদস্য পিটার অ্যাইনসওয়ার্থ স্কাই টিভিকে বলেন, “আমি মনে করি না, কৈশোরের একটি ঘটনা বর্তমান সময়ে এসে বড় কোনো প্রভাব ফেলতে পারবে। তাছাড়া এ ধরনের ইতিহাস তো আমাদের প্রজন্মের প্রায় সবারই রয়েছে। এটা ঠিক যে ব্যাপারটি সমর্থনযোগ্য নয়, কিন্তুএরকমটা কে করেনি।”
