২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার রাষ্ট্রীয় জীবনে এখনও ছায়ার মতোই রয়ে গেছেন ফিদেল

গুরুতর অসুস্থতার কারণে ছয়মাস ধরে ক্ষমতার বাইরে থাকলেও এখনও কিউবার সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই পরামর্শ নেওয়া হওয়া ফিদেল কাস্ত্রোর। প্রতিদিনকার নিয়মিত সরকারি কাজকর্মে অবশ্য কোনো হস্তক্ষেপই করেন না ফিদেল। কিন্তু কিউবার রাষ্ট্রীয় জীবনে এখনও ছায়ার মতোই রয়ে গেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 09:49 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

হাভানায় একটি বইমেলা উদ্বোধনের সময় শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো একথা জানান।

রাউল বলেন, “তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, প্রচুর ব্যায়াম করছেন, হাতের কাছে থাকা টেলিফোনটি ইচ্ছে মতো ব্যবহার করছেন।”

“সব গুরুত্বপূর্ণ বিষয়েই তার মতামত নেওয়া হচ্ছে। যদিও তিনি কোনো কিছুতেই হস্তক্ষেপ করছেন না, কিন্তু সব বিষয়েই তাকে অবগত করা হচ্ছে।”

ভাই রাউলকে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করে জনজীবন থেকে সরে গেলেও কিউবার জাতীয় ঐক্যের প্রতীক হয়ে এখনও সব কিউবানদের মনের আসনেই আছেন ফিদেল। তার ব্যক্তিত্বের এ শক্তিশালী উপস্থিতির কারণেই এ পর্যায়ক্রমিক ক্ষমতা হস্তান্তর প্রয়োজন ছিল।

কেননা, ফিদেলের আকস্মিক মৃত্যু কিংবা রাজনীতির দৃশ্যপট থেকে তার হঠাৎ বিদায়ের ধাক্কা সামলে ওঠা কঠিন হতো কিউবানদের জন্য। ওই আকস্মিক শূণ্যতা, ফিদেলহীন কিউবার ওই নাটকীয় পরিস্থিতি সামলে ওঠা কঠিন হয়ে যেতো যেকোনো প্রশাসনের জন্যই।

গত ছয় মাস ধরে ফিদেলের অসুস্থতা, তার অবস্থার উন্নতি--অবনতি, দীর্ঘ অনুপস্থিতির পর মাঝে মধ্যে টিভিতে তার ভিডিও ফুটেজ.. এভাবে ধীরে ধীরে রাষ্ট্রীয় জীবন থেকে তার অবসরের বিষয়টি সয়ে নিয়েছেন কিউবানরা। অনেক সাধারণ কিউবানের মতোই রাজনৈতিক বিশ্লেষকরাও এখন মনে করেন, ফিদেলের অনুপস্থিতি তেমন কোনো প্রভাব ফেলবে না দেশের রাজনৈতিক অঙ্গনে।

যুক্তরাষ্ট্রের কিউবা বিশেষজ্ঞ এবং হাভানায় মার্কিন মিশনের সাবেক প্রধান ওয়েন স্মিথ বলেন, “একদিন হঠাৎ করেই সবাইকে ফেলে রেখে ফিদেলের চলে যাওয়া এবং অথৈ সাগরে ভাসিয়ে দেওয়ার চাইতে এখনকার অবস্থা অনেক ভাল।”

“আসলে কিউবার ক্ষমতার পালাবদল ইতোমধ্যেই হয়ে গেছে, কিউবানরা ফিদেলের অনুপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছেন এবং তার বিদায়ে এখন কেউ হঠাৎ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়বে না।”

ফিদেলের বিপরীতে রাউলকে অনেক বেশি খোলা বাজার অর্থনীতির পক্ষে বলে মনে করা হয়। এ মুহূর্তে কিউবার খাদ্য ঘাটতি, আবাসন সঙ্কট এবং সাধারণ পরিবহনের মতো জরুরি রাষ্ট্রীয় ইস্যুগুলো নিয়ে কাজ করছেন রাউল। ধীরে ধীরে আরো অনেক দূর যেতে হবে তাকে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা চাপ এবং কিউবায় ফিদেলের ইমেজকে কাটিয়ে উঠে কতোটা যেতে পারবেন রাউল সেটাই এখন দেখার বিষয়।