২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখ আলোচনায় পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সঙ্কট কাটতে পারে: ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে সৃষ্ট বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে আশা করছেন ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়ে মুখ্য আলোচক আলী লারিজানি। নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য লারিজানি বর্তমানে জার্মানিতে রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মিউনিখ পৌঁছে লারিজানি সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে সৃষ্ট বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।”

“এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার সঙ্গে আমাদের অতীতেও গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি এ আলোচনা যদি চালিয়ে যাওয়া যায় তবে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।”

তবে রোববার লারিজানির সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি হওয়ার ব্যাপারে তেমন আশাবাদী নন সোলানা। এ বৈঠক থেকে বড়জোর এ সঙ্কট সমাধানে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, “আমি মনে করি না কালই সমস্যার সমাধান হয়ে যাবে। বরং ওই সঙ্কট নিয়ে নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে। আমরা কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করবো না। শুধু তাকে মনে করিয়ে দেব যে আলোচনার পথ এখনও খোলা আছে।”

এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিউনিখ আলোচনায় লারিজানিকে আমন্ত্রণ জানানো হয়েছে ২১ ফেব্র“য়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠককে সামনে রেখে। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার জন্য ওইদিন পর্যন্ত সময় বেধে দিয়েছে নিরাপত্তা পরিষদ। ইরান এ দাবি না মানলে তাদের ওপর আরও বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ।

ওই তারিখের আগেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কিনা সে প্রশ্নের জবাবে লারিজানি সাংবাদিকদের বলেন, “এখনও সময় আছে। আলোচনা তো চলছেই।”