ইরাক প্রশ্নে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করলেন জাতিসংঘে ইরানি প্রতিনিধি
ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত যৌথবাহিনীর ওপর গেরিলা হামলা ও অভিযান পরিচালনার সঙ্গে ইরানের সম্পৃক্ততা প্রমাণে ছল - চাতুরির আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র- অভিযোগ করেছেন জাতিসংঘে ইরানি প্রতিনিধি। তবে অভিযোগ প্রমাণে যুক্তরাষ্ট্র সফল হবে না বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার রাষ্ট্রীয় বেতারে এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি জাভাদ জারিফ।
বেতারের ‘অল থিংস কন্সিডারড’ অনুষ্ঠানে ইরাকে বিদ্রোহ উস্কে দিতে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহে তার দেশের কোনোরকম আগ্রহ নেই, জানান তিনি।
জারিফ বলেন, “কিন্তু সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ইরানকে যেভাবেই হোক অভিযুক্ত করবেই। আর সেজন্য কোনো প্রমাণ পাওয়া না গেলেও তারা মিথ্যা একটা কিছু বানাবেই। তবে আমি নিশ্চিত যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সফল হবে না।”
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ইরাকের শিয়া দলগুলোর মধ্যে বিদ্রোহ ছড়াচ্ছে ইরান। এছাড়া, রাস্তার পাশে পুঁতে রাখার মতো এক ধরনের বোমার বিস্ফোরক ইরাককে সরবরাহ করছে তারা- স্পেনে অনুষ্ঠিত ন্যাটোর বৈঠকে শুক্রবার এই অভিযোগ তুলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
