পাকিস্তানে রেডক্রস কার্যালয়ে বোমা হামলা
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে রেডক্রসের একটি কার্যালয়ে শনিবার বোমা হামলা হয়েছে। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (আইসিআরসি) এর মুখপাত্র রাজা হামদানি রয়টার্সকে বলেন, “খুব ভোরে পেশোয়ার শহরের আইসিআরসি কার্যালয়ের ভেতর একটি বোমা ছুড়ে মারা হয়। বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।”
ঘটনার পর থেকে রেডক্রস ওই এলাকায় মাঠ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে এটি ছিল দাতব্য সংস্থার ওপর দ্বিতীয় হামলা। গত সোমবার যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ‘সেভ দি চিলড্রেন’ কার্যালয়ে হামলায় দুই জন আহত হন।
