২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ভিডিও প্রচার করেছে আল কায়দা

ইরাকে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ভিডিও প্রচার করেছে আল কায়দা সংশ্লিষ্ট একটি গ্র“প। শুক্রবার জঙ্গিদের একটি ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 11:51 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ভিডিওতে দেখা যায়, ইরাকর আল আনবার প্রদেশে জঙ্গিদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর আগে মার্কিন বাহিনী দাবি করে আসছিল, যান্ত্রিক গোলযোগের কারণেই ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

গত তিন সপ্তাহে ইরাকে মোট ছয়টি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আনবারের ওই ঘটনা ছিল এর মধ্যে ষষ্ঠ। বুধবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ‘ইসলামি স্টেট ইন ইরাক’ দাবি করে, তারাই সেটাকে ভূপাতিত করেছে।

ভিডিওতে জঙ্গিদের উদ্দেশে দেওয়া একটি ভাষণও শোনা যায়। তাতে বলা হয়, “আমেরিকানদের হত্যার ব্যাপারে কোনো সংশয় রেখো না, আল্লাহর নাম নিয়ে তোমরা এগিয়ে যাও।”

ধারণা করা হচ্ছে, সেটি আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের কণ্ঠস্বর।

এ নিয়ে মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস লিউট পেন্টাগনে সাংবাদিকদের বলেন, “এর আগে আমরা যা তথ্য পেয়েছি, তাতে মনে হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়। ঘটনার প্রত্যক্ষর্ধীরাও তেমনটাই জানায়।”

তবে ভিডিওর বিষয়ে তিনি সুস্পষ্ট করে কিছু বলেননি।