২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সঙ্গে শরণার্থী বিষয়ে আলোচনায় রাইসের সম্মতি

সীমান্ত নিয়ে নয়, শুধু ইরাকি শরণার্থীদের বিষয়ে সিরিয়ার সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটরদের এ কথা জানান তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

রাইস বলেন, “ইরাকি শরণার্থীদের নিয়ে সিরিয়ার সঙ্গে আলোচনার জন্যই দামেস্কের মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সুষ্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া সীমান্তসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কথা বলা হয়নি।”

তিনি বলেন, “এ নিয়ে সিরিয়ার সঙ্গে আলোচনা করতে চাইলে তারা লেবাননের বিষয়ে ছাড় চাইবে। যা বেশ উদ্বেগজনক।”

লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, ওই হত্যার পেছনে সিরিয়ার হাত রয়েছে। 

ইরাক পরিস্থিতির উন্নয়নে সিরিয়ার সঙ্গে সরাসরি আলোচনার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে বেশ কিছুকাল থেকে আলোচনা উঠেছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারসহ কয়েকজন সিনেটর এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানালে সে আলোচনা নতুন মাত্রা পায়। তবে বুশ প্রশাসন বলছে, এ ধরনের উদ্যোগ কোনো ফল বয়ে আনবে না।

ওয়াশিংটন দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে, সিরিয়া সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা ইরাকে অনুপ্রবেশ করছে, আর এটা ঠেকাতে দামেস্ক তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তবে সিরিয়ার কর্মকর্তারা বলছেন, সীমান্ত বন্ধ করে দেওয়া সম্ভবপর নয়। এক্ষেত্রে ইরাকি সরকারের আরো উদ্যেগী হওয়ার ওপর তারা জোর দেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতের কারণে প্রায় ৩৭ লাখ ইরাকি দেশ ছেড়ে সিরিয়া, জর্ডানসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোয় গিয়ে আশ্রয় নিয়েছে। এছাড়া প্রতি মাসে বাস্তুচ্যুত হচ্ছে প্রায় ৫০ হাজার ইরাকি।