আরবদের অপছন্দের তালিকায় শীর্ষে বুশ
ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনে শত্র“তা থাকলেও অ্যারিয়েল শ্যারন কিংবা এহুদ ওলমার্ট নয়, আরবদের কাছে সবচেয়ে অপছন্দের রাষ্ট্রনেতা হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। এর বিপরীতে জনপ্রিয়তম হলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করেন আরবরা।
বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলাফল মেলে ধরেছে এ চিত্র। ‘স্যাবান সেন্টার ফর মিডল ইস্ট পলিসি’ এর উদ্যোগে ওই জরিপে আরব বিশ্বের ছয়টি দেশের মোট তিন হাজার ৮৫০ ব্যক্তি অংশ নেয়। অংশগ্রহণকারীদের কাছে সরাসরি গিয়ে মত নেন জগবি ইন্টারন্যাশনাল পোলিং ফার্ম। গত নভেম্বর ও ডিসেম্বর, এ দুমাস ধরে মিশর, সৌদি আরব, জর্ডান, লেবানন, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের মত নেওয়া হয়।
জরিপে অংশ নেওয়াদের মধ্যে সর্বোচ্চ ৩৮ শতাংশ লোক তাদের অপছন্দের রাষ্ট্রনেতা হিসেবে বেছে নেন প্রেসিডেন্ট বুশকে। এরপর রয়েছেন ইসরায়েলের দুই প্রধানমন্ত্রী অ্যারিয়ল শ্যারন ও এহুদ ওলমার্ট। তাদের পক্ষে মত দিয়েছেন যথাক্রমে ১১ ও সাত শতাংশ। আর অপছন্দের তালিকায় আরও আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তাকে অপছন্দ করেন তিন শতাংশ আরব।
চৌদ্দ শতাংশ লোকের রায় নিয়ে সবচেয়ে পছন্দনীয় নেতা হিসেবে আবির্র্ভূত হয়েছেন লেবাননের হিজবুল্লাহ নেতা নাসরল্লাহ। এর পরের অবস্থান ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকের। তার পক্ষে রায় মিলেছে আট শতাংশের। ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পছন্দ চার শতাংশের, আর ভেনেজুয়েলার হুগো শাভেজ পেয়েছেন তিন শতাংশের রায়।
ইরাক যুদ্ধের বিরোধিতা করাটাই জ্যাক শিরাককে আরব বিশ্বে জনপ্রিয়তায় এগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জরিপে দেখা যায়, নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ইসরায়েলকে দেখছেন ৭৯ শতাংশ আরব, আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে মনে করেন ৭৪ শতাংশ। তবে ছয় শতাংশ আরব ইরানকেও বড় হুমকি ভাবেন।
তবে আরবরা আবার এও মনে করেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে পারলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বাড়বে। ৩৩ শতাংশের মত এটা। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার এ মুহূর্তে সেখানকার পরিস্থিতি পরিবর্তনে কোনো ভূমিকাই রাখবে না বলে মনে করেন ৩৩ শতাংশ। তবে এর বিপরীতে ২৪ শতাংশের মত, মার্কিন সেনা প্রত্যাহার হলে ইরাকে দ্রুতই গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে।
