২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার করেছে নেপালের মাধেসিরা

প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা সাধারণ নির্বাচনে তাদের জন্য আরো আসন বরাদ্দের প্রতিশ্র“তি দেওয়ার পর মাধেসি নেতারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এ প্রতিশ্র“তি দেন। এরপর বৃহস্পতিবার থেকে ধর্মঘট প্রত্যাহার করে মাধেসিরা। তবে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাধেসি পিপলস রাইটস ফোরামের (এমপিআরএফ) প্রধান উপেন্দ্র যাদব।

প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “মাধেসি জনগোষ্ঠীর সমস্যা সমাধানের পথে এটা হলো প্রথম ইতিবাচক পদক্ষেপ।”

তবে তিনি রয়টার্সকে বলেন, “যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির দেশে আঞ্চলিক স্বায়ত্বশাসন এবং নির্বাচনী পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত আছে।”

“আমরা পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি। তবে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাব।”

এদিকে বুধবার নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিরাটনগর শহরে মাধেসি বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ার পর সেখানে দিনের বেলা কারফিউ জারি করা হয়।

রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরেই বঞ্চনার শিকার হচ্ছেন, এ অভিযোগ থেকেই আন্দোলনে নামে মাধেসি জনগোষ্ঠী। স্বায়ত্বশাসনসহ দেশের পার্লামেন্ট, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের সর্বস্তরে সঠিক প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছে তারা। তিন সপ্তাহের সহিংস বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২১ জন মাধেসির মৃত্যু হয়েছে।