ইরাকি মন্ত্রণালয়ে যৌথবাহিনীর অভিযান, স্বাস্থ্য উপমন্ত্রী গ্রেফতার
মার্কিন ও ইরাকি বাহিনী বৃহস্পতিবার ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযান চালিয়ে উপমন্ত্রী হাকিম জামিলিকে গ্রেপ্তার করেছে। ইরাকের সামরিক বাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন।
তবে জামিলিকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তারা জানায়।
জামিলি মার্কিনবিরোধী শিয়া নেতা মুক্তাদা আল - সদরের রাজনৈতিক দল সদরস মুভমেন্টের এক বর্ষীয়ান সদস্য। দলটি প্রধানমন্ত্রী নুরি আল - মালিকির গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র।
বাগদাদকে স্থিতিশীল করার প্রক্রিয়া চলছে- মার্কিন বাহিনী এমন ঘোষণা দেওয়ার একদিন পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযান চালানো হলো।
“সকাল নয়টায় মার্কিন ও ইরাকি বাহিনী জোর করে মধ্য বাগদাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঢুকে পড়ে এবং নিরাপত্তা রক্ষীদের মাটিতে শুয়ে পড়তে বলে। এরপর হাকিম জামিলিকে ধরে নিয়ে যায়,” বলেন ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র কাসেম আলাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন ও ইরাকি বাহিনী দরজা ভেঙে মন্ত্রণালয়ে ঢুকে পড়ার পর বিভিন্ন জিনিস ভাঙচুর করে। মন্ত্রণালয়ের কর্মকর্তা - কর্মচারীরা এতে ভীত--সন্ত্রস্ত হয়ে পড়ে। অনেকে দৌড়ে রাস্তায় পালিয়ে যায়।
এদিকে সদরস মুভমেন্টের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “তারা আমাদের সংঘাতের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।”
তিনি প্রশ্ন করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কীভাবে একজন উপমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।
“জামিলি সরকারে ছিলেন। এ ঘটনা চুপচাপ দেখে যেতে পারেন না মালিকি। হয়তো আগামীকাল তাকেও গ্রেপ্তার করবে তারা।”
মার্কিন বাহিনী সম্প্রতি সদরের সমর্থক ও তার সামরিক শাখা মেহদি আর্মির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। যুক্তরাষ্ট্র বলছে, এরা ইরাকে গোষ্ঠীগত দাঙ্গায় মদদ দিচ্ছে।
