মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় আলাদাভাবে সমঝোতার উদ্যোগ
ইসরায়েল - ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ১৯ ফেব্র“য়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মঙ্গলবার তিনি একথা জানান। মক্কায় হামাস - ফাতাহ বৈঠককে পাশ কাটিয়ে ফিলিস্তিনে একটি মার্কিন মদদপুষ্ট নেতৃত্ব টিকিয়ে রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা শান্তি আলোচনা শুরু করতে ত্রিপক্ষীয় এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করছেন ওলমার্ট।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাকরম্যাক বলেছেন, গাজায় প্রতিপক্ষ গ্র“পগুলোর সহিংসতা সত্ত্বেও কূটনৈতিক তৎপরতা শুরুর একটি শুভ সূচনা করতে পারে ত্রিপক্ষীয় এ বৈঠক।
যুক্তরাষ্ট্রের ইহুদি নেতৃবৃন্দের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকে ওলমার্ট বলেন, “আমি আশা করছি, ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এমন একটি সরকার গঠনে হামাসের সঙ্গে সহযোগিতা করতে কোনোরকম আবেগ এবং চাপের কাছে মাতা নত করবেন না আবু মাজেন (মাহমুদ আব্বােেসর আরেক নাম)।”
হামাসের সঙ্গে সহযোগিতা কিংবা ফিলিস্তিনে একটি জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, “সরকারে কারা থাকলো সেটা কোনো বিষয় নয়, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মৌলিক নীতিতে তারা একমত হলেই শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”
সৌদি মধ্যস্থতায় মক্কায় একটি ফিলিস্তিন - ফিলিস্তিন সমঝোতার লক্ষ্যে আব্বাস - মেশাল - হানিয়া আলোচনা চলাকালীন সময়েই ইসরায়েল - যুক্তরাষ্ট্র - ফাতাহ আলোচনার তারিখ নির্ধারণ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
এদিকে, ইসরায়েলের একটি খনন কাজ নিয়ে মসজিদ উল আকসা ঘিরে উত্তেজনা বাড়ছে গাজা উপত্যকায়।
