পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার প্রতি আবারো যুক্তরাষ্ট্রের আহ্বান
ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আবারো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ে ছয় জাতি আলোচনার ঠিক আগ মুহূর্তে এ আহ্বান জানানো হল।
উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিয়ে বুধবার আবার বসছে ছয় জাতি বৈঠক। বৈঠকের আগে মঙ্গলবার হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, “পরমাণু সমৃদ্ধকরণ এবং পুনপ্রক্রিয়াজাতকরণ বন্ধে উত্তর কোরিয়ার প্রতি আবারো আহ্বান জানিয়েছি আমরা।”
ছয় জাতি আালোচনায় অংশ নিতে দেশগুলোর প্রতিনিধিরা ইতোমধ্যে বেইজিংয়ে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল টোকিও ও সউল সফর শেষে বুধবার বেইজিং এসে পৌছেন।
ক্রিস্টোফার হিল মঙ্গলবার টোকিওতে সাংবাদিকদের বলেন, “পরমাণু কর্মসূচি স্থগিত করার শর্তে উত্তর কোরিয়াকে যেসব অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সুযোগ -- সুবিধা দেওয়া হবে বলে বলা হচ্ছে, তা চলতি বৈঠকে পূর্ণতা নাও পেতে পারে। তবে আলোচনা এগিয়ে নিতে আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে।”
