২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর আকাপুলকোয় পুলিশ স্টেশনে হামলা, নিহত ৭

মেক্সিকোর আকাপুলকোয় মঙ্গলবার দুটি পুলিশ স্টেশনে হামলা চালায় বন্দুকধারীরা। এতে পাঁচ পুলিশসহ নিহত হন সাত জন। বন্দুকধারীরা আসে সেনা সদস্যের ছদ্মবেশে। ওই অঞ্চলে মাদক চোরাচালানিদের বিরুদ্ধে সেনা অভিযানের মধ্যেই এ হামলা হল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2007, 12:56 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সেনাবাহিনীর খাকি পোশাক ও লাল পশমী টুপি পরা অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশের অস্ত্র পরিদর্শনের কথা বলে স্টেশন দুটিতে ঢোকে। প্রথম স্টেশনে গুলি চালিয়ে হত্যা করে তিন পুলিশ সদস্যকে।

এর পরপরই তারা হানা দেয় দ্বিতীয় স্টেশনে। সেখানে নিহত হন দুই পুলিস সদস্যসহ চার জন। বাকিদের একজন আইনজীবী ও অন্যজন স্টেশনে কর্মরত সচিব।

শহরের প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র জানান, “অস্ত্র পরীক্ষার ভান করে বন্দুকধারীরা প্রথমে পুলিশদের নিরস্ত্র করে এবং তারপর গুলি চালিয়ে হত্যা করে”।

হামলাকারীদের গাড়ি পুলিশ উদ্ধার করেছে। তারা গাড়ি ফেলে রেখেই পালিয়ে যায়। এছাড়া তাদের কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।

ছোট এই জেলেদের শহরটি এখন মাদক চোরাচালানসহ অপরাধীদের অভয়য়ারণ্য হয়ে উঠেছে। চোরাচালানিদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, সেনা অভিযান ব্যাহত করার লক্ষ্যেই এ হামলা হয়। 

সংঘবদ্ধ মাদক পাচারকারীদের কাছ থেকে ইতোমধ্যে বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন আকাপুলকোর মেয়র। ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি আমরা চাই না”।

এদিকে, হামলার পর মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডেকেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপি কালডেরন।