পাকিস্তানে ‘মার্কিন গুপ্তচর’ সন্দেহে ২ জনকে হত্যা
পাকিস্তানের ওয়াজিরিস্তানে ‘মার্কিন গুপ্তচর’ সন্দেহে মঙ্গলবার দুইজনকে গুলি করে হত্যা করেছে তালেবানপন্থী জঙ্গিরা। স্থানীয় অধিবাসীরা একথা জানান।
মিরানশাহ শহরের ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামে তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশের সঙ্গে রাখা একটি চিরকুটে লেখা ছিল, “যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচরগিরি করছে এমন সবারই এ পরিণতি হবে।”
এক প্রত্যক্ষদর্শী জানান, গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া লাশ দুটির একজনের গলায় ছুরি চালানোর চিহ্ন পাওয়া গেছে।
গত এক সপ্তাহে এ ধরনের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শুক্রবার এক আফগান শরণার্থীকে হত্যা করে একই ধরনের চিরকুটসহ তার লাশ ফেলে রাখা হয় মিরানশাহর কাছে।
আফগান সীমান্তবর্তী অঞ্চলটিতে তালেবান গেরিলারা লুকিয়ে আছে এমন সন্দেহে সেখানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেখানে গত এক মাসে সেনাদের বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়।
