কাশ্মির প্রশ্নে আশাবাদী প্রেসিডেন্ট মুশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ কাশ্মির প্রশ্নে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে তারা সংঘাত নয়, সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিচ্ছেন।
৫ ফেব্র“য়ারি পাকিস্তানে ‘কাশ্মির সংহতি দিবস’ পালন উপলক্ষে সাংবাদিকদের একথা বলেন জেনারেল মুশররফ। উল্লেখ্য, ভারতবিরোধী লড়াইয়ে কাশ্মিরী বিদ্রোহীদের প্রতি সমর্থন জানাতে ১৯৮৯ সাল থেকে দিনটি পাকিস্তানে সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছে।
জেনারেল মুশাররফ বলেন, “আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি। আমরা হয়তো এ সমস্যা চিরকালের জন্য সমাধান করতে পারবো যাতে কাশ্মিরী জনগণ লাভবান হতে এবং আজীবন শান্তিতে থাকতে পারেন।
তিনি কাশ্মিরী নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
“আমি আপনাদের দল, মত, অবস্থান নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সংঘাতের পথ পরিহার করে কাশ্মির বিতর্কের সমাধানের সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আমি তাতে খুশি হয়েছি।”
এদিকে এর আগে ভারতবিরোধী লড়াইয়ে কাশ্মিরী বিদ্রোহীদের সমর্থন জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান শীর্ষস্থানীয় গেরিলা নেতা সৈয়দ সালাহউদ্দিন।
রোববার রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দেন কাশ্মিরের ইউনাইটেড জিহাদ কাউন্সিলের ওই নেতা। বিদ্রোহীদের বেশ কয়েকটি সংগঠন নিয়ে জোটটি গঠিত।
সাক্ষাৎকারে সৈয়দ সালাহউদ্দিন বলেন, “আমি মনে করি, শক্তিশালী রাজনৈতিক সমর্থনপুষ্ট একটি গেরিলা গোষ্ঠীই কাশ্মির সমস্যার সমাধান আনতে পারে। এখন যে আলোচনা চলছে, তাতে কোনো ফল আসবে না।”
বিদ্রোহীদের যেসব গ্র“প আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে চাইছেন তাদের প্রসঙ্গে কাশ্মিরী নেতা বলেন, “তারা তাদের মতো করে চলতে পারেন, তবে আমরা তাদের সঙ্গে ওই ‘মেকি’ আলোচনায় যাব না।”
বর্তমানে কাশ্মিরীদের প্রতি পাকিস্তানের যে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন রয়েছে, তার বাইরেও বিশেষ সমর্থন প্রত্যাশা করেছেন সৈয়দ সালাহউদ্দিন।
