২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বুশ--ব্লেয়ারের ‘যুদ্ধাপরাধ’ শীর্ষক প্রদর্শনী

মার্কিন প্রেসিডেন্টজর্জ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারই ‘ফ্যাসিবাদী যুদ্ধাপরাধী’- সোমবার কুয়ালালামপুরে বুশ ও ব্লেয়ারের যুদ্ধাপরাধ শীর্ষক এক প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ বিষয়ে একমত পোষণ করেছেন মালয়েশিয়ার শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2007, 04:04 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সম্মেলনটি পরিচালনা করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সাবেক আইনপ্রণেতা সিনথিয়া ম্যাককিনে ও জাতিসংঘের সাবেক সহকারী সচিব হ্যান্স ভন স্পোনেক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আণবিক বোমার শিকার জাপানের হিরোশিমা থেকে শুরু করে আজকের ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা ও বর্বরতার ধারাবাহিক চিত্র তুলে ধরা হয় ওই প্রদর্শনীতে।

বুশ ও ব্লেয়ার এবং তাদের সহযোগীদের ফ্যাসিবাদী যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে এর সপক্ষে ভিয়েতনাম, ইরাক, লেবাননসহ বিভিন্ন দেশে তাদের কৃত ভয়াবহ যুদ্ধাপরাধের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। দেখানো হয় মার্কিন হামলায় ইরাকের রক্তাক্ত পটভূমি, যুদ্ধাহত শিশু, বিকলাঙ্গ ও নির্যাতিত মানুষের ছবি। টেপ রেকর্ডারে শোনানো হয় তাদের আর্তনাদ। কিউবার গুয়ান্তানামো বেতে মার্কিন বন্দীশিবিরে নির্যাতিত বন্দীদের ছবিও এতে প্রদর্শিত হয়।

এ সময় করতালি দিয়ে বক্তাদের প্রতি সমর্থন জানান সম্মেলনে উপস্থিত প্রায় দুই হাজার শান্তিকর্মী।

সম্মেলনের শুরুতেই ইরাকে দখলদারিত্ব ও বর্বরোচিত অভিযান পরিচালনার জন্য প্রেসিডেন্ট বুশ ও টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত- এ বিষয়ে একমত হন সবাই। তাদের বিচারের জন্য একটি অনানুষ্ঠানিক ট্রাইবুন্যাল গঠনের প্রয়োজনীয়তার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

“ট্রাইবুন্যালে ব্লেয়ার দোষী প্রমাণিত হলেও আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো না। তাকে বরং একজন যুদ্ধাপরাধী, শিশু হত্যাকারী ও মিথ্যাবাদীর পরিচয় নিয়ে বেঁচে থাকতে হবে,” সম্মেলনে এ কথা বলেন মাহাথির মোহাম্মদ।

সম্মেলনে মাহাথিরের শত শত সমর্থক ছাড়াও অনেক ছাত্র উপস্থিত ছিলেন।

ওই প্রদর্শনী নিয়ে মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বলেন, “একটু লক্ষ্য করলেই যেকেউ বুঝতে পারবেন কেন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

তবে ওই প্রদর্শনী সম্পর্কে ব্রিটিশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।