জাকার্তার বন্যা পরিস্থিতির অবনতি, আরো দেড় লাখ ঘরছাড়া
জাকার্তায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। বন্যায় ইতোমধ্যে ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে আরো দেড় লাখ মানুষ। নদ-- নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ ও টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা।
পুলিশ কর্মকর্তা কেতুত উনটাং ইয়োগায়ানা জানিয়েছেন, বন্যার প্রবল তোড়ে সাতজন ভেসে গেছেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন আরো নয়জন এবং বিভিন্ন সংক্রামক রোগে চারজন।
এ মৌসুমে সচরাচর দেশটিতে বন্যা দেখা দিলেও গত পাঁচ বছরে একবারই সবচেয়ে ভয়াবহ রূপ নিল। পুরো মাসজুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া বিভাগ।
রাজধানী জাকার্তাসহ পাশ্ববর্তী বেকাসি ও টেঙ্গেরাংয়ে এ পর্যন্ত তিন লাখ চল্লিশ হাজার লোকের আশ্রয়হীন হয়ে পড়ার খবর জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রুস্তম পাকায়া। তিনি বলেন, “উপদ্রুত এলাকায় এ পর্যন্ত আমরা আট টন শিশু খাদ্য বিতরণ করেছি। এছাড়া পাঠানো হয়েছে পাঁচটি মেডিক্যাল টিম।”
জলাবদ্ধতার কারণে টোল রোড থেকে বিমানবন্দর পর্যন্ত যানবাহন চলাচল মারাত্মক বিঘিœত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনেক স্থানে লাইন ডুবে যাওয়ায় রেল চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাশাপাশি টেলি যোগাযোগও হচ্ছে ব্যাহত।
এদিকে, বন্যার কারণে মারাত্মক পানি দূষণ এবং বহু লোকের আশ্রয়হীন হয়ে পড়ার ফলে সংক্রামক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে বন্যা উপদ্রুত এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে।
অপরিকল্পিত ভবন নির্মাণকেই বন্যার জন্য দায়ী করেছেন দেশটির পরিবেশম›ত্রী রশমাত উইতায়েলার। একই মত জাকার্তার গভর্নরেরও। গভর্নর সুতিয়াসো বলেন, শহরের চার পাশ ঘিরে এত বেশি বিশাল বিশাল দালান নির্মাণ হয়েছে যে পানি সরার জায়গা পাচ্ছে না।
