বাগদাদে মর্টার হামলায় নিহত ১৫
ভয়াবহ ট্রাক বোমার পর এবার মর্টার হামলা হয়েছে বাগদাদে। রোববারের এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। একই দিন বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত হন আরো ২০ ইরাকি। এছাড়া বিভিন্ন স্থান থেকে পুলিশ ৪২টি লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, আহমদিয়া জেলার উত্তরাঞ্চলে সুন্নি অধ্যুষিত এলাকায় মর্টার হামলা হয়। সেখানে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের বেশ কয়েক দফা সংঘর্ষও হয়।
এদিকে শনিবার শিয়া অধ্যুষিত এলাকায় ট্রাকবোমা হামলাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে পরে আর কোনো লাশ উদ্ধার হয়নি। ভয়াবহ ওই হামলায় নিহত হন ১৩৫ জন।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ওই হামলার জন্য সুন্নি গেরিলাদের দায়ী করেন। সরকারের মুখপাত্র আলী দাবাগ অভিযোগ করেন, হামলাকারী সুন্নি গেরিলারা সিরিয়া সীমান্ত দিয়ে ইরাকে অনুপ্রবেশ করছে।
পরপর কয়েকটি বড় ধরনের হামলার পর ইরাকিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারের ঘনিষ্ঠ এক শিয়া কর্মকর্তা বলেন, সহিংসতা দমনে সরকারের ব্যর্থতায় জনমনে হতাশা তৈরি হয়েছে। তার মতে, গত সাত দিনে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “হতাশার পাশাপাশি মানুষের মনে ক্ষোভও দেখা দিয়েছে। এ থেকে বাদ নেই শিয়ারাও। তারা সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ চায়। কিন্তু সরকার সে ধরনের কোনো নজির তুলে ধরতে পারছে না।”
