২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসা কালা পুনর্দখলে ন্যাটোর অভিযান, তালেবান নেতা নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মুসা কালা শহর পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করেছে ন্যাটোবাহিনী। এ সময় বিমান হামলায় তালেবান কমান্ডার মোল্লা গফুর নিহত হয়েছেন বলে দাবি করেছে ন্যাটো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 04:04 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ন্যাটোবাহিনী এক বিবৃতিতে জানায়, বেদখল শহরটির নিয়ন্ত্রণ নিতে রোববার অভিযান শুরু হয়। প্রাথমিক হামলায় নিহত হন মোল্লা গফুরসহ অজ্ঞাত সংখ্যক তালেবান যোদ্ধা। মোল্লা গফুর সহযোদ্ধাদের নিয়ে একটি একটি গাড়িতে চড়ে যাওয়ার পথে বিমান হামলার কবলে পড়েন।

ন্যাটোর মুখপাত্র স্কোয়াড্রন লিডার ডেভ মার্শ বলেন, “মুসা কালা অঞ্চলে জঙ্গিদের নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক সহিংসতার মূল হোতা ছিলেন মোল্লা গফুর। তিনি মারা যাওয়ার ফলে শহরের নেতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হল।”

তবে গফুর ছাড়া অন্য কারো পরিচয় জানায়নি ন্যাটো। আর বিষয়টি নিশ্চিত হতে তালেবানদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

মুসা কালার শীর্ষস্থানীয় গোত্রপ্রধানদের কাছ থেকে বৃহস্পতিবার গফুরের নেতৃত্বে শহরটি পুনর্দখল করে নিয়েছিল তালেবান যোদ্ধারা। গত বছর ব্রিটিশ সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পর মুসা কালার দখল হারায় তালেবানরা। এরপর গোত্রপ্রধানদের কাছে শহরটির কর্তৃত্ব হস্তান্তর করে ব্রিটিশ সেনারা।