২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাপানি পররাষ্ট্রমন্ত্রীর মুখে যুক্তরাষ্ট্রের ইরাক নীতির সমালোচনা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোও ইরাকে মার্কিন নীতির সমালোচনায় মুখর হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 02:59 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তারো আসোর মত, ইরাকে সাদ্দামকে উৎখাতের পর যে নীতি যুক্তরাষ্ট্র অবলম্বন করেছে তা ‘অপরিণত’।

রোববার নিক্কি পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরাকে রামসফেল্ড যা চেয়েছিলেন তাই করছেন। কিন্তু সাদ্দাম উৎখাতের পর সেখানে যে নীতি ধরে যুক্তরাষ্ট্র এগিয়েছে, তা নিতান্তই ‘অপরিণত’। ওই নীতি কোনো কাজে না আসায় এখনো ইরাকে অস্থিতিশীলতা বিরাজ করছে।”

সাক্ষাৎকারে ইরাক পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করে জাপানের সহায়তার আশ্বাসও দেন তারো আসো।

কিছু দিন আগে জাপানি প্রতিরক্ষামন্ত্রীও ইরাকে মার্কিন নীতির সমালোচনা করে ওয়াশিংটনের বিরাগভাজন হন। প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কিওমা বলেছিলেন, “ ইরাক অভিযান শুরু ছিল প্রেসিডেন্ট বুশের ভুল সিদ্ধান্ত।”

এতে ওয়াশিংটন কড়া প্রতিক্রিয়া দেখালে ফুমিও পরে জানান, তিনি কথাটি সেভাবে বলতে চাননি।

ইরাক অভিযানের সময় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জুনিশিরো কোইজুমি তা সমর্থন জানিয়ে সেখানে সৈন্য পাঠান।