২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু স্থাপনায় ন্যাম প্রতিনিধি দল

সফররত জোট নিরপেক্ষ আন্দোলনের(ন্যাম) প্রতিনিধি দল শনিবার ইরানের ইস্পাহানে পরমাণু স্থাপনা পরিদর্শন করে। এ সময় পরমাণু প্রকল্পে ব্যবহৃত ‘নিরীক্ষণ ক্যামেরা’ তাদের দেখতে দেওয়া হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

পরিদর্শক দলের সঙ্গে দেশি বিদেশি মিলিয়ে ৯০ জন সাংবাদিক ছিলেন।

ইস্পাহানের পরমাণু শক্তি কেন্দ্রে কিভাবে অপরিশোধিত ইউরেনিয়ামকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে পরিণত করা হয় তা প্রত্যক্ষ করে ন্যাম প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে দলের সদস্য কিউবার প্রতিনিধি নরমা এস্তোনজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা যেহেতু বিশেষজ্ঞ নই, ফলে এটা শান্তিপূর্ণ কি না, সে বিষয়ে সঠিক ধারণা দিতে পারছি না।”

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায়(আইএইএ) ইরানের প্রতিনিধি আলি আসগর সোলতানিয়েহ বলেন, “সাংবাদিকরা সব দেখেছেন, আশা করি তারা বিশ্ববাসীকে জানাবেন, আমাদের পরমাণু কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ।”

ন্যাম এর দলটিতে কিউবা, মিশর, মালয়েশিয়া, আলজেরিয়া, সুদান ও সিরিয়ার প্রতিনিধিরা রয়েছেন। ইরানের নাতাজেঁর পরমাণু শক্তি কেন্দ্রও পরিদর্শনের কথা রয়েছে তাদের।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি ও দেশটির আণবিক সংস্থার প্রধান গোলাম রেজা আগাজাদেহর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সফর শেষে সোমবার তারা ফিরে যাবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, তাদের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ, তা প্রমাণ করাই এ সফরের লক্ষ্য। পাশাপাশি এ বিষয়ে নিজেদের স্বচ্ছতার নজিরও তুলে ধরতে চায় তেহরান। 

পরমাণু কর্মসূচি নিয়ে অব্যাহত চাপে রয়েছে তেহরান। গত বছরের ২৩ ডিসেম্বর জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএর ৩৮ পরিদর্শককে ইরান সেদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ, পরমাণু বোমা তৈরির জন্যই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে। এ জন্য ইরানের ওপর আরো কঠোর অবরোধ আরোপসহ সরাসরি অভিযানের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না বুশ প্রশাসন।

 তবে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, যুদ্ধের পরিকল্পনা নয়, বরং ইরানকে ইরাকের সহিংসতায় মদদ যোগানো থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।