‘ইরাক পরিস্থিতি গৃহযুদ্ধের চেয়েও বড় কিছু’
ঠিক ‘গৃহযুদ্ধ’ শব্দটা ব্যবহার করা হয়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে। কিন্তু ইরাকের বর্তমান হানাহানি যে পর্যায়ে পৌঁছেছে, তার বর্ণনা প্রতিবেদনে গৃহযুদ্ধের সংজ্ঞাটাকেই অন্য মোড়কে তুলে ধরেছে। আর পরিস্থিতিটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুই ধরনের প্রভাব ফেলেছে। প্রশাসন চাইছে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ইরাকে নতুন সেনা পাঠানোর সিদ্ধান্তটাকে কার্যকর করার যুক্তি হিসেবে তা ব্যবহার করতে। অন্যদিকে বিরোধী ডেমোক্রেটরা প্রতিষ্ঠা করতে চাইছে ‘ব্যর্থ এক নীতি’র উদাহরণ হিসেবে।
শুক্রবার প্রকাশিত ৯০ পৃষ্টার ওই প্রতিবেদনে ইরাক পরিস্থিতিকে ‘গৃহযুদ্ধ’ বলে স্বীকার না করলেও ‘তার চেয়েও বড় কিছু’র স্বীকৃতি দেওয়া হয়েছে। বুশ প্রশাসন শুরু থেকেই বলে আসছিল ইরাকের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। কিন্তু প্রতিবেদন ‘যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আল কায়েদা ও সুন্নী বিদ্রোহীদের ক্রমাগত হামলা, শিয়াদের নিজেদের রক্তাক্ত কোন্দল এবং বিশাল ব্যাপ্তি নিয়ে হানাহানি ও অপরাধমূলক কর্মকা- ইরাকের সার্বিক পরিস্থিতিকে গৃহযুদ্ধের চেয়েও মারাত্মক’ বলে অনুমান করেছে।
জাতীয় নিরাপত্তা পর্যবেক্ষণ (এনআইই) সংস্থার ওই প্রতিবেদনে ইরাকে শিয়া ও সুন্নীদের মধ্যকার রক্তাক্ত সংঘর্ষকে গৃহযুদ্ধের সমতুল্য মানা হয়েছে। তবে আন্তর্জাতিক রাজনীতির স্পর্শকাতর ওই সংজ্ঞাটা তারপরও ইরাকের হানাহানির পুরো ছবিটা ধারণ করে না বলেই অভিমত দেওয়া হয়েছে তাতে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, প্রেসিডেন্ট বুশের নীতি যদি এক থেকে দেড় বছরের মধ্যে ফলপ্রসু না হয় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে।
ইরাকে আরো সাড়ে ২১ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বুশ। সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অতিরিক্ত প্রায় এক হাজার কোটি ডলারও বরাদ্দ চাইবেন এ বছরের যুদ্ধখরচা বাবদ। হোয়াইট হাউজের পরিকল্পনা হচ্ছে ইরাকে, বিশেষ করে বাগদাদে ছড়িয়ে পড়া রক্তপাত থামাতে ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করবে নতুন সেনারা।
এনআইইর প্রতিবেদনে ইরাকি নিরাপত্তা বাহিনী বিশেষ করে সেদেশের পুলিশের শিয়া জঙ্গিদের বিরুদ্ধে একক অভিযানের সামর্থ্য কম বলেই মন্তব্য করা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে এই বলে যে ‘২০০৮ সালের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাটা ইরাকি নেতাদের জন্য খুবই কষ্টসাধ্য হবে’।
এই বিশেষ অনুচ্ছেদটিকেই তাদের নীতি নতুন করে সাজানোয় অবলম্বন মানছে বুশ প্রশাসন। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভেন হ্যাডলি এনআইই প্রতিবেদনকে যুক্তিযুক্ত বলে রায় দিয়েছেন। এতে ইরাকে ‘যুক্তরাষ্ট্র কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি’ তা তুলে ধরা হয়েছে জানিয়ে বলেছেন, “গুপ্তপ্রতিবেদকরা নীতিটাকে আরো এগিয়ে নিচ্ছে, উল্টোটা নয়।” সঙ্গে যোগ করেছেন, এনআইই “ব্যাখ্যা দিয়েছে কেন প্রেসিডেন্ট নতুন কৌশল ও নতুন মনোভাব নিয়ে এগোতে চাইছেন, ব্যাখ্যা দিয়েছে সেই কৌশলের নানা উপষঙ্গের এবং সবমিলিয়েই তা সমর্থন করেছে।”
রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেটরা ভাবছেন ভিন্ন আঙ্গিকে। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী জোসেফ বিডেন প্রতিবেদনটি ‘ইরাকে প্রেসিডেন্টের নতুন কৌশলের অসারতা’ প্রমাণ করেছে বলে মত দিয়েছেন। তার ভাষায়, “রাজনৈতিক সমাধানের উদ্যোগটাই এখন ভীষণ জরুরি।”
কংগ্রেসে বুশের প্রস্তাব তাই বড়সড় বিরোধিতার মুখে পড়তে যাচ্ছে তা বলেই দেওয়া যায়। আর ইরাকে বুশের নীতিকে ব্যর্থ বলার পেছনে ডেমোক্রেটরা অবলম্বন মানছেন সাম্প্রতিক এই হানাহানিকেই।
তবে প্রতিবেদনে এই আশঙ্কাও জানানো হয়েছে, আগামী দেড় বছরে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ইরাকের পরিস্থিতিকে খুবই খারাপ পর্যায়ের দিকে ঠেলে দেবে। এতে সাধারণ ইরাকিদের হতাহতের সংখ্যা বাড়বে, তুরস্কসহ ইরাকের প্রতিবেশী দেশগুলো আগ্রাসন চালাবে এবং ইরাকি সরকারের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণœ করবে। বলা হয়েছে, ইরান শিয়া যুদ্ধবাজদের সহায়তা করে সংঘর্ষের আগুন আরো উস্কে দিয়েছে। তবে সিরিয়াসহ অন্য কোনো দেশ ইরাকের সাম্প্রদায়িক হানাহানিতে ভুমিকা রাখতে চাইবে না, কারণ তা ইতোমধ্যেই ব্যাপক রূপ নিয়েছে।
তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সাম্প্রদায়িক গণহত্যা, উচ্চপদস্থ ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের গুপ্তহত্যা এবং প্রশাসন থেকে সুন্নীদের পুরো প্রত্যাহার ইরাকের নিরাপত্তার আবহকে নরকতুল্য বানিয়ে দেবে বলে অভিমত দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।
