২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনে ন্যাম প্রতিনিধি দল

  ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার তেহরান পৌঁছেছে। দলটি ইস্পাহান ও নাতাঞ্জে পরমাণু স্থাপনা পরিদর্শন করবে। তাদের সঙ্গে পরিদর্শনে অংশ নেওয়ার জন্য সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

মিশর, মালয়েশিয়া, কিউবা, আলজেরিয়া, সুদান ও সিরিয়ার প্রতিনিধিরা দলটিতে রয়েছেন। তাদের সফর প্রসঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) ন্যামের রাষ্ট্রদূত ভিয়েনায় সাংবাদিকদের বলেন, “সফরকারীরা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ নন, ইরানে কি ঘটছে তাও তারা সে অর্থে যাচাই করবেন না। প্রচারধর্মী কর্মসূচি হিসেবেই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।”

সফরকালে ন্যাম প্রতিনিধিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি ও দেশটির আণবিক সংস্থার প্রধান গোলাম রেজা আগাজাদেহর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সফর শেষে সোমবার তারা ফিরে যাবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, তাদের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ, তা প্রমাণ করাই এ সফরের লক্ষ্য। পাশাপাশি এ বিষয়ে নিজেদের স্বচ্ছতার নজিরও তুলে ধরতে চায় তেহরান। 

পরমাণু কর্মসূচি নিয়ে অব্যাহত চাপে রয়েছে তেহরান। গত বছরের ২৩ ডিসেম্বর জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএর ৩৮ পরিদর্শককে ইরান সেদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ, পরমাণু বোমা তৈরির জন্যই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে। এ জন্য ইরানের ওপর আরো কঠোর অবরোধ আরোপসহ সরাসরি অভিযানের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না বুশ প্রশাসন।

  তবে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, যুদ্ধের পরিকল্পনা নয়, বরং ইরানকে ইরাকের সহিংসতায় মদদ যোগানো থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।