ফিলিপাইনে বিদ্রোহীদের সেনাপ্রধানসহ ২০ জনকে জিম্মি করার অভিযোগ অস্বীকার
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ম্যানিলার সেনাপ্রধানসহ অন্তত ২০ জনকে জিম্মি করার অভিযোগ অস্বীকার করেছে মরো মুসলিম বিদ্রোহীরা। শনিবার সেনাবাহিনী সূত্র এদের জিম্মি করার খবর জানানো হয়েছিল। তবে বিদ্রোহীরা বলছে সারারাত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এদের বিদ্রোহীদের ক্যাম্পে থেকে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
বিদ্রোহীদের কমান্ডার হাবিয়ের মালিক স্থানীয় এক টিভি চ্যানেলকে বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য তারা ‘আমন্ত্রিত’ কর্মকর্তাদের থাকার সময়সীমা বাড়িয়েছেন।
“সারারাত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমরা তাদের থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছি মাত্র। আমাদের মধ্যে আলোচনা করার মতো অনেক বিষয় রয়েছে। আমাদের এগুলো সমাধান করতে হবে।”
ম্যানিলার সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল বেন ডলরফিনো নিজেও ওই টিভি চ্যানেলের কাছে তাদের জিম্মি করার অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, জোলো দ্বীপে অবস্থিত বিদ্রোহী গ্রুপ মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এমএনএলএফ) পানামাও ক্যাম্প থেকে তাকে ও তার সঙ্গীদের কখন বের হতে দেওয়া হবে তা নিশ্চিত না।
“আমি বড়জোর যেটা বলতে পারি সেটা হলো, বিদ্রোহীরা আমাদের ক্যাম্প থেকে বের হতে দিচ্ছে না। কারণ, মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি ও ফিলিপাইন সরকারের মধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে চায়।”
এর আগে সেনা সূত্র জানায়, ম্যানিলার সেনাপ্রধান ছাড়াও রয়েছেন বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা সংক্রান্ত সরকারের অস্ত্রবিরতি প্যানেলের প্রধান র্যামন সান্টোসসহ বেশ কয়েকজন সেনা ও সরকারি কর্মকর্তাকে বিদ্রোহীরা তাদের ক্যাম্প থেকে বের হতে দিচ্ছে না।
তবে এ প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় পত্রিকাগুলো জানায়, ব্রিগেডিয়ার জেনারেল ডলরফিনো আটকাবস্থা থেকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তবে এর বেশি তিনি কিছু জানাননি।
ডলরফিনো কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সরকারের নির্দেশে শান্তি আলোচনার জন্য তিনি ওই এলাকায় যান।
এছাড়া, পুলিশ বাহিনীর মুখপাত্র ঊর্ধ্বতন পরিদর্শক স্যামুয়েল প্যাগডিলাও জানান, জোলোর পরিস্থিতির কারণে তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এদিকে পার্শ¦বর্তী সুলু প্রদেশের গভর্নর জানিয়েছেন, বিদ্রোহীরা তাদের নেতা নুর মিশৌরির মুক্তি দাবি করেছে। স্থানীয় এমএনএলএফ নেতা হাবিয়ার মালিক গভর্নরকে জানিয়েছেন, মিশৌরিকে মুক্তি না দিলে তারা অটকদের ছাড়বে না।
২০০২ সালে গ্রেফতার করা হয় নুর মিশৌরিকে। তিনি এখন ম্যানিলায় কারারুদ্ধ আছেন।
