আফগানিস্তানে একটি শহর পুনর্দখল করেছে তালেবানরা
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি শহর পুনরায় দখল করে নিয়েছে তালেবানরা। শহরের কর্মকর্তাদেরও আটক করা হয়েছে। গত বছর ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে হেরে মুসা কালা শহরটি ছেড়েছিল তালেবানরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে হামলা চালায় তালেবানরা। তারা শহরের প্রশাসন ভবন ও পুলিশ দফতর দখল করে নেয় এবং কর্মকর্তাদের আটক করে।
হেলমান্দ প্রদেশের ওই শহরটিতে প্রচুর পপি উৎপন্ন হয়।
শহরটি পুর্নদখলে ন্যাটো কিংবা আফগান বাহিনী অভিযান চালাবে কিনা, এ প্রশ্নে কর্মকর্তারা জানিয়েছেন, এ মুহূর্তে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
মাসব্যাপী যুদ্ধের পর তালেবানদের উৎখাত করে স্থানীয় আদিবাসীদের হাতে মুসা কালা নামে ওই শহরটির কর্তৃত্ব ছেড়েছিল ব্রিটিশ বাহিনী। ওই সময় একটি চুক্তি হয়। তালেবানদের প্রবেশ ঠেকাতে আদিবাসীরা সচেষ্ট থাকবে, এ শর্তেই শহরটি ছাড়ে ব্রিটিশ সেনারা। তবে যুক্তরাষ্ট্র তখন এ ধরনের চুক্তির সমালোচনা করেছিল।
প্রসঙ্গত, আফগানিস্তানের কোনো কোনো শহর প্রায়শই এভাবে দখল করে তালেবানরা। কিন্তু দু এক দিনের বেশি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না।
