ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ে ১৯ জনের প্রাণহানি
ঘূর্ণিঝড়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কমপক্ষে ১৯ ব্যক্তি মারা গেছেন। পর্যটন নগরী ওরল্যান্ডোর ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ১৫০০ এরও বেশি ঘর বাড়ি।
তবে ঝড়ে ক্ষতির হাত থেকে বেঁচে গেছে ডিজনি ওয়ার্ল্ড ও ইউনিভার্সাল স্টুডিওসহ নগরীর আকর্ষণীয় স্থানগুলো।
লেক কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র কেভিন লেনহার্ট জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া তিনটায় কমপক্ষে একটি টর্নেডো আঘাত হানে।
তিনি বলেন, “এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর হাসপাতালে আছেন আরো ১৯ জন।”
রাজ্যের জরুরি বিভাগ জানিয়েছে, অরল্যান্ডোর ৪০ মাইল উত্তর পশ্চিমের লেডি লেকে ছয় জন এবং ওকালা ন্যাশনাল ফরেস্টের কাছের পায়েসলেতে ১৩ জন মারা গেছে।
প্রবল ঝড়ো হাওয়ায় বাড়িঘর থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রাস্তায় এসে পড়ে। তাই লুটপাট ঠেকাতে শহরে কারফিউ জারি করা হয়েছে।
এছাড়া ঝড়ে বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার ভোর পর্যন্ত রাজ্যের প্রায় ১০ হাজার লোক বিদ্যুৎহীন ছিল।
ঝড়ে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়া লোকদের উদ্ধারে তৎপরতা চলছে।
ফ্লোরিডার ডেমোক্রেট সিনেটর বিল নেলসন জানান, ঝড়টি প্রায় ৩০০ গজ এলাকা জুড়ে তা-ব চালায়, যাকে তিনটি ফুটবল মাঠের সাথে তুলনা করা যায়। একই সঙ্গে তিনি বলেন,“এল নিনোর (প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত) সময় এরকম অবস্থা আমরা এর আগেও দেখেছি।”
