হামাস--ফাতাহ সংঘর্ষে নিহত ১৪
গাজায় হামাস ফাতাহ সংঘর্ষে শুক্রবার নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। দুইটি প্রধান বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু ভবনে অগ্নিসংযোগ ছাড়াও ব্যাপক গোলাগুলিতে দিনভর যুদ্ধাবস্থা বিরাজ করে গাজার অধিকাংশ অঞ্চলে। এ সময় আহত হন প্রায় ২ শতাধিক ফিলিস্তিনি।
দ্বিতীয় দিন ধরে অব্যাহত থাকা মারাত্মক লড়াইয়ে আব্বাসের অনুগত ফাতাহর আট ও হামাসের তিন যোদ্ধা নিহত হন। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন এক নারীসহ ও দুই শিশু।
শুক্রবার গাজার বিভিন্ন রাস্তা ও ছাদে আব্বাসের ফাতাহ দলের গেরিলা সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন হামাস সরকারের বন্দুকধারী গেরিলাদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মর্টার বোমা ও রকেট লঞ্চার দিয়ে ফাতাহ সমর্থকদের ওপর হামলা চালায় হামাস সদস্যরা।
এর আগে হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রাতভর ব্যাপক ভাঙচুর চালায় ফাতাহ সমর্থকরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিসংযোগও করে তারা। এর কয়েক ঘণ্টা পর নিকটবর্তী আল কুদস বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয় এবং সেখানেও চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। তবে হামাস এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
এছাড়া, পশ্চিম তীরে রামাল্ল¬ার নিকটস্থ শহর আল বিরেহতে হামাসের এক সদস্যকে অপহরণ করে ফাতাহ।
এ ঘটনায় মাত্র তিনদিন আগে হামাস--ফাতাহর মধ্যে সম্পাদিত অস্ত্রবিরতি চুক্তি অকার্যকর হয়ে পড়েছে।
এদিকে ইসরায়েল জানায়, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক দুটো হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ফাতাহ দলের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে ফিলিস্তিনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান।
