স্বাস্থ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে ক্ষুব্ধ জাপানি নারীরা
বাচ্চা পয়দার কল! লিঙ্গসাম্যের এই যুগে এমন সামন্তবাদী কথাবার্তায় আগুন জ্বলবেই। আর সে আগুনটা জ্বালিয়েছেন জাপানের স্বাস্থ্যমন্ত্রী হাকুও ইয়ানাগিসাওয়া। প্রতিবাদের আগুন। গোটা জাপানের নারীরা মহাখাপ্পা তার এমন আলটপকা মন্তব্যে। সে আঁচটা মন্ত্রী টের পেয়েছেন নিজের ঘরেও। ইয়ানাগিসাওয়ার স্ত্রী পর্যন্ত খেপেছেন স্বামীর এমন কথায়। সাংবাদিকদের কাছে সেটা স্বীকারও করেছেন তিনি, “আমার স্ত্রী আমাকে খুব বকেছে কথাটা নিয়ে।”
জাপানে জন্মহার আশঙ্কাজনকভাবে কমছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির শীর্ষে দাঁড়ানো দেশটি তাই আতঙ্কিত ভবিষ্যত নিয়ে। প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার সেই উদ্বেগ থেকেই ছক কষছে নতুন সব পরিকল্পনার। তারই বাস্তবায়ন প্রসঙ্গেই ইয়ানাগিসাওয়া বলেছিলেন, “বাচ্চা পয়দার কল ও যন্ত্রগুলো সব স্থবির হয়ে আছে, আমরা তাদের অনুরোধ করতে পারি মাথাপিছু তাদের সেরা সামর্থ্যটা দিতে।”
নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই মন্তব্যে সংশোধন এনেছিলেন মন্ত্রী। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। জাপানের সবস্তরের নারীরা তৎক্ষণাৎ তীব্র প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রীর এ ধরনের বেফাঁস মন্তব্যের। সে প্রতিবাদ অব্যাহত আছে কদিন আগে ইয়ানাগিসাওয়া ক্ষমা চাওয়ার পরও।
শুক্রবার কাজে যাওয়ার ফাঁকে ২৬ বছর বয়সী কেইকো ওতসুকি যেমন বললেন, “মেয়েরা পুরুষদের সমানেই উঠে এসেছে আর তারা কাজও করছে, তাহলে তিনি (ইয়ানাগিসাওয়া) ওমন একটা কথা বললেন কীভাবে? একজন নারী হিসেবে জড়বস্তুর সঙ্গে তুলনায় নিজেকে খুবই অপমানিত লাগছে।”
এমনিতে সমাধিকারের কথা বলা হলেও সাধারণ জাপানিদের ধারণা প্রশাসনের উঁচু মহলে সে মনোভাব কারোই নেই। জাপানে সিংহাসনের উত্তরাধীকার হিসেবে রাজপুত্র জন্ম নেওয়ার পর ভেস্তে গেছে মেয়েদের সম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠার একটি সম্ভাব্য আইনের সংযোজন। অথচ জরিপে সাধারণ জাপানিদের বেশিরভাগই ভোট দিয়েছিলেন সম্রাজ্ঞীর পক্ষে।
এর মাঝে এই একবিংশ শতাব্দীতেও আদ্দিকালের সামন্তবাদী ও পুরুষতান্ত্রিক চিন্তাধারার প্রতিফলন দেখছেন কেউ কেউ। টোকিওর কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুমিকো ইয়াও যেমনটা বলছেন, “ইয়ানাগিসাওয়ার মন্তব্যে মেয়েদের আহত হওয়ার বড় কারণ হচ্ছে ক্ষমতাবান পুরুষদের মনোভাবটা তার কথাতেই পরিষ্কার। এটা আমরা বরাবরের মতো এবারও দেখলাম। মেয়েরা এখন বুঝতে পেরেছে ক্ষমতায় থাকা পুরুষদের বেশিরভাগই এমন ধারণা নিয়েই চলে।”
জাপানে একটি প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, গর্ভধারণের হার মাথা পিছু রেকর্ড পরিমাণে কমে গিয়েছিল ২০০৫ সালে। আর তা ছিল ১ দশমিক ২৬। ২০০৬ সালে কিছুটা উন্নতি হলেও এ বছর আবার আগের ধারাতেই ফিরে গেছে তা। শিশু স্বল্পতার পেছনে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে দেরিতে বিয়ে, পরিবার ও কাজের মধ্যে সমন্বয় করতে মেয়েদের হিমশিম খাওয়া এবং অনেক ক্ষেত্রে স্বামীর দীর্ঘ সময় কাজে ব্যস্ত থাকা।
জাপানের বিরোধী দলগুলোর একটি সোশাল ডেমোক্রেটিক পার্টির নেত্রী মিজুহো ফুকুশিমা বলেছেন, “ইয়ানাগিসাওয়ার মন্তব্যে জন্মহারের ব্যর্থতার দায় মেয়েদের ওপর চাপানো হয়েছে। উপেক্ষা করা হয়েছে সন্তানকে সহজে বড় করে তোলার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের দায়দায়িত্বকে।”
ইয়ানাগিসাওয়া এমন এক সময় মন্তব্যটি করেছেন যখন আবে ও তার সরকারের জনপ্রিয়তা সাধারণ জাপানিদের কাছে অনেক কমেছে। বিরোধী দলগুলো এটাকে দারুণ সুযোগ ভাবছে। আগামী জুলাই মাসে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা বাগে নেওয়ার জন্য ইস্যুটাকে পুঁজি করে ক্ষোভ উস্কে দিচ্ছেন অনেক বিরোধী রাজনীতিক।
তাতে অবশ্য উল্টো ফল হয়েছে। ইয়ানাগিসাওয়ার পদত্যাগের দাবিতে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ও তার মিত্র দলগুলো একাট্টা হয়ে বাজেট নিয়ে সংসদীয় বিতর্ক অধিবেশন বর্জন করেছিল। তাদের এই কাজের তীব্র প্রতিবাদ হয়েছে।
৩৮ বছর বয়সী নার্স ইউকি হরিকশির কথায় তার খানিকটা প্রমাণ মেলে। “ইয়ানাগিসাওয়ার পদত্যাগ করা উচিত। সে পুরুষ বা নারীকে মানুষ হিসেবে দেখে না। সে তাদের কর দেওয়ার যন্ত্র মনে করে। কিন্তু অন্য দলগুলোকেও আমি ভালো মনে করি না। তারা প্রতিশ্র“তি দেয়, কিন্তু মানুষের কণ্ঠ শোনে না।”
