তদন্ত শেষ হওয়ার আগে পদত্যাগ নয় : ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শুক্রবার সাফ জানিয়ে দিলেন চাপের মুখে নতি স্বীকার করে পদত্যাগ করছেন না তিনি। রাজনৈতিক তহবিল সংক্রান্ত তদন্তে গত শুক্রবার দ্বিতীয়দফা পুলিশি জিজ্ঞাসাবাদের পর একথা বললেন তিনি।
বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই পদত্যাগ করছেন না তিনি।
ব্লেয়ার বলেন, “এ ধরনের রটনা এবং বিতর্ক আধুনিক রাজনীতিরই একটি অংশ।”
তিনি বলেন, “আমি বুঝি কেন এটা মিডিয়ার কাছে এতো আকর্ষণীয়। কিন্তু এতে আমার কিছু করার নেই।”
কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করে পদ থেকে সরে দাঁড়ানোর কথা নাকচ করে দিয়ে তিনি বলেন, “আমি মনে করি ওটা ঠিক পথ নয়। বিশেষত, তদন্ত শেষ হওয়ার আগে মাঝপথে সরে দাঁড়ানো ঠিক হবে না। তাই আরো কিছুদিন আপনাদের আমার সঙ্গেই থাকতে হচ্ছে।”
লেবার পার্টি এবং অন্য দলগুলোর রাজনৈতিক তহবিল সংগ্রহের উৎস সম্পর্কে তদন্তে প্রধানমন্ত্রী ব্লেয়ারসহ ব্রিটেনের শীর্ষ রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ রয়েছে, পার্লামেন্টের উচ্চকক্ষে অনির্বাচিত আসনের জন্য মোটা অংকের অর্থ নিয়ে থাকে দলগুলো।
